১৯ ডিসেম্বর, ২০২০ ২১:০১
সংস্কার কাজের জন্য শনিবার (১৯ ডিসেম্বর) টানা সাড়ে ১২ ঘন্টা বিদ্যুৎহীূন ছিলো পুরো সিলেট নগর। নগরের পাশপাশি দক্ষিণ সুরমা উপজেলা ও এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাও বিদ্যুৎহীন ছিলো। এতে চরম দুর্ভোগ পোহাতো হয় গ্রাহকদের।
অবশেষে প্রায় সাড়ে ১২ ঘন্টা পর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ সংযোগ সচল হয়। এরআগে সিলেটের কুমারগড়াওয়ে জাতীয় গ্রিড লাইনের উপকেন্দ্রে সংস্কার কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে সিলেটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।
সংস্কার কাজের জন্য বিদ্যুত সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়ে গত বৃহস্পতিবারই গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয় দুপুর ২টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ আবার সচল হবে। যদিও শনিবার বিদ্যুৎ সরবরাহ সচল হয় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।
দীর্ঘ সময় বিদ্যুৎ থাকার কারণে দুর্ভোগে পড়েন গ্রাহকরা। বিদ্যুৎ না থাকায় নগরে পানি সরবরাহও ব্যাহত হয়। এছাড়া ইন্টারেনট সেবাও বিঘ্নিত হয়।
বসংস্কার কাজ শেষ হতে বিলম্ব হওয়ায় দুঃখপ্রকাশ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন বলেন, সংস্কার কাজ শেষ হতে আমাদের কিছুটা দেরী হয়ে গেছে। ফলে গ্রাহকদের অনেকটা দুর্ভোগ পোহাতে হয়েছে। একারণে আমরা দুঃখিত।
তিনি বলেন, গত ১৭ নভেম্বর সকালে সিলেটের কুমারগাঁও এলাকার পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর নিয়ন্ত্রণাধীন জাতীয় গ্রিড লাইনের একটি উপকেন্দ্রে আগুন লাগে। এতে ক্ষতিগ্রস্থ লাইন সংস্কার কাজ আজ সকাল থেকে শুরু হয়।
এদিকে, কুমারগাওয়ে বিদ্যুৎলাইনে সংস্কার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল আহমদ (২২) নামে এক কর্মী নিচে পড়ে যান। তার অবস্থা আমঙ্কাজনক বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার তথ্য সত্যতা নিশ্চিত করে প্রধান প্রকৌশলী বলেন, দুর্ঘটনার পর আহতকে উদ্ধার করে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। তার বুকে রড ঢুকে গেছে। কিছুক্ষণের মধ্যে তার অস্ত্ররপচার করা হবে।
আপনার মন্তব্য