২০ ডিসেম্বর, ২০২০ ২১:৩৯
জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনে সুনামগঞ্জে তিনটি পৌরসভায় ১০ জন মেয়র ও ১৬০ জন কাউন্সিলর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রোববার মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিনে দিনব্যাপি সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ পৌরসভা, ছাতক পৌরসভা এবং জগন্নাথপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপজেলা নির্বাচনী অফিসে মনোনয়নপত্র জমা দেন।
সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস জানায়, সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র নাদের বখত. তাছাড়া বিএনপি মনোননীত প্রার্থী মুর্শেদ আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মোহাম্মদ রহমত উল্লাহ মনোনয়ন পত্র জমা দেন। ওইদিনই সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর পদে ৫০ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
অন্যদিকে ছাতক পৌরসভায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী ও বিএনপি’র মনোনীত প্রার্থী রাশিদা বেগম। ছাতক পৌরসভায় কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচজনে জগন্নাথপুর পৌরসভায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ মেয়র প্রার্থী তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূইয়া, বিএনপি মনোনীত প্রার্থী হারুনুজ্জামান হারুন, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার, স্বতন্ত্র প্রার্থী প্রবাসী আমজদ আলী শফিক ও স্বতন্ত্র প্রার্থী বিঞ্চুরায়। এ ছাড়াও জগন্নাথপুর পৌরসভায় কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
নির্বাচনী সহকারি রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, আজকে (রোববার) মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। দ্বিতীয় দফায় নির্বাচনে সুনামগঞ্জ জেলার তিনটি পৌরসভার সুষ্ঠ ভাবে সকল প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন কোনও প্রকার ঝামেলা হয় নি।
আপনার মন্তব্য