চুনারুঘাট প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০২০ ১৯:৪৬

চুনারুঘাটে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম

বেশ কয়েকদিন থেকে হবিগঞ্জের চুনারুঘাটে জেঁকে বসেছে শীত। সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়ছে মানুষ। বেলা বাড়লেও কোনো কোনো দিন দেখা মেলে না সূর্যের। হঠাৎ শীত পড়ায় প্রস্তুতি নিতে শুরু করেছেন চুনারুঘাটের মানুষ।

ফুটপাত ও বিপণিবিতানের ব্যবসায়ীরাও শীতের পোশাকের দিকে ঝুঁকেছেন। ক্রেতা সমাগম বাড়ছে মার্কেটগুলোতে। তবে ফুটপাতের দোকানগুলোতে শীতের পোশাক কিনতে উপচেপড়া ভিড় দেখা গেছে। ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলো স্বল্প আয়ের মানুষের ভরসা।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে স্বল্প আয়ের মানুষজন শীতের কাপড় কিনতে পৌরশহরে লন্ডনি মার্কেটে ভিড় করছেন। এখানে বিক্রেতারা শীতের কাপড়ের পসরা নিয়ে বসেছেন। শহরের লন্ডনী মার্কেট ছোট-বাচ্চাদের থেকে শুরু করে যুবক-যুবতী, বৃদ্ধদের গরম কাপড় কম দামে বিক্রি হচ্ছে। এখানে সোয়েটারের দাম মানভেদে ১০০ থেকে ৪০০ টাকা, ছেলেদের সোয়েটার ৫০ থেকে ৪০০ টাকা, ছেলেদের জ্যাকেট ১৫০ থেকে ৪০০ টাকা, বাচ্চাদের সোয়েটার ৩০ থেকে ৫০০ টাকা, হাতের মোজা ৩০ থেকে ১৫০ টাকা। এ ছাড়া এখানে মানভেদে সাধারণ টুপি ৪০ থেকে ১০০ টাকা ও মাফলার ৫০ থেকে ২৫০ টাকায় পাওয়া যাচ্ছে। বিক্রি বেড়েছে কম্বলেরও। এছাড়া ফুটপাতের এসব দোকোনে উলের তৈরি সোয়েটার, চাদর, জ্যাকেট, ব্লেজার, মাফলার, টুপি কিংবা হাতমোজা সবই মিলছে।

আলাপকালে মার্কেটের কাপড় বিক্রেতা মো. চেরাগ আলী, ইদ্রিস আলী, রিপন মিয়া বলেন, ‘শীত আসার আগে এখানে আমরা শার্ট-প্যান্ট ও টি-শার্ট বিক্রি করতাম। কিন্তু শীতের সময় আমরা গরম কাপড় বিক্রি শুরু করি। দামে সস্তা হওয়ায় নিম্নবিত্তের ক্রেতাদের কাছে এই কাপড়ের চাহিদা বেশি। এছাড়াও বিভিন্ন বিপণী বিতানে নতুন কাপড়ের পাশাপাশি ফুটপাতে বিক্রি হচ্ছে পুরোনো শীতের কাপড়।’

আপনার মন্তব্য

আলোচিত