২২ ডিসেম্বর, ২০২০ ১৯:৫৭
কুলাউড়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলরসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) মনোননয়নপত্র যাছাই-বাছাইয়ের দিন হলফনামায় তথ্য গোপন করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন পৌর নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা।
অন্যদিকে কোনো ত্রুটি না থাকায় ৪ মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলরসহ ৫০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগের নৌকার প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব শফি আলম ইউনুছ, বিএনপির ধানের শীষের প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদ ও স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া তাদের মনোনয়নপত্র জমা দেন। ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী এবং সংরক্ষিত তিনটি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র যাছাই বাছাইয়ে ৪ মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থী, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এদিকে মামলার তথ্য গোপন করায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আশরাফ উদ্দিন সাবু, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মুরাদ আহমদের মনোনয়ন বাতিল করা হয়।
কুলাউড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা মুঠোফোনে জানান, যাছাই বাছাইয়ের সময় আদালতে থাকা মামলার বিষয়ে তথ্য হলফনামায় গোপন রাখায় সাধারণ কাউন্সিলর পদে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তাদের আপিলের সুযোগ রয়েছে। এছাড়া ৪ মেয়র পদের প্রার্থীসহ ৫০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
আপনার মন্তব্য