২৯ জানুয়ারি, ২০২১ ১৯:১৬
সিলেট নগরের চৌহাট্টা থেকে বন্দরবাজার পর্যন্ত সড়ক সম্প্রসারণ, দৃষ্টিনন্দন ডিভাইডার ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে দুই মন্ত্রী এই সড়কের কাজের উদ্বোধন করেন। এসময় সিলেট সিটি করেপারেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও তাদের সাথে উপস্থিত ছিলেন।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) এই সড়কটির সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধণ করে। যা ইতোমধ্যে নগরবাসীর দৃষ্টি কেড়েছে। এই প্রকল্পে ব্যয় হচ্ছে ৬ কোটি ৯০ লাখ টাকা। ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর এই প্রকল্পের কাজ শুরু হয়। আগামী ৩০ মার্চ প্রকল্পের কাজ শেষ হওয়ার তারিখ নির্ধারিত রয়েছে।
সিসিক সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় ৮৬০ মিটার সড়ক এসফল্ট দ্বারা উন্নয়ন, সড়কের উভয় পাশে ফুটপাতসহ ১৬৮ মিটার ড্রেন নির্মাণ, সৌন্দর্যবর্ধন কাঠামোসহ ১০৬০ মিটার রোড ডিভাইডার স্থাপন, ৬২টি সড়কবাতি ও ৩০টি বৈদ্যুতিক পোল স্থাপন করা হচ্ছে।
সড়কের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য