০১ ফেব্রুয়ারি , ২০১৫ ০৯:৪৪
বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৭২ঘণ্টার হরতাল সিলেটেও শুরু হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়। হরতালের শুরুতেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাজপথে মিছিল ও রাস্তায় আগুন দিয়ে সমাবেশ করেছে শিবির নেতাকর্মীরা।
প্রত্যাক্ষদর্শীরা জানান, হরতালের শুরুতেই রোববার সকাল সাড়ে ৭টায় সিলেট নগরীর দরগাহ গেইট থেকে শিবির নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি চৌহাট্টা সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় শিবির নেতাকর্মীরা রাস্তায় আগুন দিয়ে সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশে করে।
সমাবেশ চলাকালে শিবির কর্মীরা রাস্তায় ইট, পাথর দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে। তবে পুলিশ আসার সাথে সাথে তারা সটকে পড়ে।
এদিকে হরতালে নাশকতা মোকাবেলায় নগরীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতাল ঘোষণা করা হয়। পাশাপাশি গত ৫ জানুয়ারি থেকে চলা টানা অবরোধও অব্যাহত রয়েছে।
এছাড়াও সিলেট জেলা ও মহানগরীতে গত বৃহস্পতিবার দুপুরে হরতালের আহবান করেছিল স্থানীয় ছাত্রদলও।
আপনার মন্তব্য