জগন্নাথপুর প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০২১ ১৭:১৩

জগন্নাথপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সুনামগঞ্জের জগন্নাথপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে রাজন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের আব্দুর নুরের ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নারিকেলতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুরের রানীগঞ্জের আলীপুর এলাকা থেকে ফুটবল খেলা দেখে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিল রাজন মিয়াসহ তার তিনবন্ধু। মহাসড়কের নারিকেলতলা গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার দিকে একটি টমটম গাড়ীকে ওভারটেক করতে গিয়ে সামনের দিক থেকে আসা নাভানা কোম্পানির পিকআপ ভ্যানের সঙ্গে মুখামুখি সংঘর্ষ বাধে মোটরসাইকেলের।

এতে গুরুত্বর আহত তিনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্হ্যকেন্দ্রে ভর্তি করেন। আহতদের মধ্যে রাজন কে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজন মিয়া মারা যায়।  রাজন মোটরসাইকেলের পিছনে বসেছিল।

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরশ মিয়া বলেন, ‘একজন ফুটবলপ্রেমী হিসেবে রাজন আমাদের কাছে পরিচিত। ফুটবল টুর্নামেন্টের খবর পেলেই সে ছুটে যেত এবং আমাদের আমন্ত্রণ জানাত। তার এমন মৃত্যুতে এলাকাবাসী শোকাহত।’

 জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনার নিহত তরুণের লাশ ময়নাতদন্তের পর আজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত