০৩ এপ্রিল, ২০২১ ২০:৪৩
টানা সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত মারা গেলেন সিলেটের বিশ্বনাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে আহত হওয়া নারী দিলারা বেগম (৬০)।
গত রোববার রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার বিকেলে তার দাফন সম্পন্ন করা হয়েছে। দিলারা বেগম উপজেলা সদরের পার্শ্ববর্তী শ্রীধরপুর গ্রামের দিনমজুর ওয়ারিছ আলীর স্ত্রী। এর সপ্তাহখানেক আগে গত মঙ্গলবার তার দুই ছেলেসহ তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারিছ আলীর ছোট ছেলে আবজল ইসলাম। তিনি বলেন, গত সোমবার রাতে রান্নাঘরের সিলিন্ডার বিস্ফোরণে তার মা-বাবা-দুই ভাইসহ ৬জন আহত হন। ওইদিন রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরদিন মঙ্গলবার সকাল ৬টারদিকে অগ্নিদগ্ধ মা ও তার দুই ভাই মইনুল ইসলাম (২৬) ও ফয়সল আহমদকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, গত ২২ মার্চ সোমবার রাত পৌনে ৮টারদিকে রান্নাঘরে লাকড়ির চুলোয় রান্না করছিলেন দিরারা বেগম। আর এসময় চুলোর পাশে থাকা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল। এসময় তারা পানি দিয়ে লাকড়ির চুলোর আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের ফুল্কি ছিটকে গ্যাস সিলিন্ডারে গিয়ে পড়লে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের ৬জন আহত হন।
আপনার মন্তব্য