০৩ এপ্রিল, ২০২১ ২১:৫৯
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে এবং এর সংক্রমন ঠেকাতে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন৷
শ্রীমঙ্গলে করোনাভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে মাস্ক না পরায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪১টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই জরিমানাগুলো করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের একটি দলে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, তিনি ১৬টি মামলায় ১৭শ টাকা জরিমানা আদায় করেন।
অন্য দলে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নেছার উদ্দিন। তিনি ২৫ টি মামলায় ৩ হাজার ৪শত টাকা জরিমানা আদায় করেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, করোনার ২য় ধাপ মোকাবেলা করার জন্য জনগণকে মাস্ক পড়তে উৎসাহিত করছি, সচেতনতা মুলক প্রচারণা চালাচ্ছি। যারা স্বাস্থ্যবিধি না মেনে শহরে ঘুরাফেরা করছে তাদের জরিমানা করা হচ্ছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে করোনা ভাইরাস ঠেকাতে গত ১ এপ্রিল থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টার পর থেকে জরুরি সেবা ব্যতিত সকল দোকানপাট বন্ধ করার নির্দেশনা দিয়েছিলো উপজেলা প্রশাসন।
আপনার মন্তব্য