১৮ এপ্রিল, ২০২১ ২২:১৯
খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকের মুক্তি দাবি করেছে সংগঠনটির সিলেট জেলা শাখা।
রোববার দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন, সহসভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান,সহসাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতী মুহাম্মদ মাহবুবুল হক এক যুক্ত বিবৃতিতে দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, রোববার দুপুর সাড়ে ১২ টায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব এবং ঢাকা মহানগর সাধরণ সম্পাদক আল্লামা মামুনুল হককে মুহাম্মদপুরের জামিআ রাহমানিয়া থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। এভাবে রমজান মাসে আলেম-উলামা ও সাধারণ মানুষকে হয়রানি ও গ্রেপ্তার করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।
নেতৃবৃন্দ হয়রানি ও গ্রেপ্তার বন্ধ এবং আটকৃতদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় আলেম-উলামারা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, হয়রানি ও গ্রেপ্তার করে আলেম-উলামাদের আন্দোলনকে ঠেকানো যাবে না। দেশের জনগণ ইসলাম ও দেশের প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত।
আপনার মন্তব্য