গোয়াইনঘাট প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০২১ ১৯:৫৯

লকডাউন: গোয়াইনঘাটে কঠোর অবস্থানে প্রশাসন, পুলিশ ও বিজিবি

সিলেটের গোয়াইনঘাটে কঠোরভাবে পালিত হচ্ছে সরকারি নির্দেশিত লকডাউন। লকডাউনকে কেন্দ্র করে কঠোর ভূমিকা পালন করছে প্রশাসন, পুলিশ ও বিজিবি সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি) থানা অফিসার থানা ইনচার্জ, টুরিস্ট পুলিশ ও বিজিবির তরফ থেকে সর্বত্র চলছে গণসচেতনতামূলক প্রচারণা এবং টহল। কোথাও কোথাও মোবাইলকোর্টও পরিচালিত হচ্ছে।

সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় থানা অফিসার ইনচার্জ মো. আবদুল আহাদ, ইন্সপেক্টর তদন্ত দিলীপ কান্ত নাথসহ পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার আলীরগাও ইউনিয়নের লাফনাউট, বারহাল, সারীঘাটসহ পুরো সারী-গোয়াইন সড়কে টহল দেয়ার পাশাপাশি হ্যান্ড মাইকে করে জনসচেতনতামূলক বক্তব্য দেন।

দুপুর ১২ টায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি)একেএম নূর হোসেন নির্ঝর পরগনা বাজার, আহারকান্দি, মাতুরতল বাজারে সরজমিন পরিদর্শন করে জনসচেতনতামূলক প্রচারণা চালান। বিকেল ৩ টায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানকে দেখা যায় গোয়াইনঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা কৃষি অফিসার মো. সুলতান আলীসহ থানা পুলিশ সদস্যদের নিয়ে উপজেলা সদর বাজার পরিদর্শন করে জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

উপজেলার সবকটি ইউনিয়নের হাটবাজারসমূহে লকডাউন চলাকালে বন্ধ রাখা হয়েছে সব ধরনের যানবাহন। সারী-গোয়াইনঘাট, গোয়াইনঘাট সালুটিকর, বঙ্গবীর-হাদারপার, গোয়াইনঘাট-রাধানগর জাফলং সড়কে বসানো হয়েছে চেকপোস্ট। এসব চেকপোস্টসমূহে পুলিশ এবং বিভিন্ন হাটবাজারে আনসার সদস্যরা কাজ করে যাচ্ছেন। জনসাধারণকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করতে উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান এবং থানা অফিসার ইনচার্জ মো. আবদুল আহাদকে প্রতিদিনই মাঠে থেকে কাজ করতে দেখা যাচ্ছে। পর্যটন স্পটসমূহে টুরিস্ট পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও কড়া প্রহরা থাকায় গোয়াইনঘাটের সর্বত্র লকডাউন পালিত হচ্ছে নির্ধারিত নিয়মে।

এ ব্যাপারে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান, গোয়াইনঘাটে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে লকডাউন নির্দেশনা। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর এখন পর্যন্ত গোয়াইনঘাটে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর কেউ যাতে করোনাভাইরাসে সংক্রমিত না হন এজন্য সরকারি নির্দেশনা মেনে মাস্কসহ সুরক্ষা সামগ্রী ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে তিনি উপজেলাবাসীর প্রতি আহবান জানান। সরকারি পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কেউ লকডাউন নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত