২৪ এপ্রিল, ২০২১ ২১:০৪
সমকাল সুহৃদ সমাবেশ ও আল খায়ের ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে সিলেটের বিশ্বনাথে দুইশ’ সুবিধাবঞ্চিত মানুষকে ইফতার ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) দুপুর ২টায় পৌরশহরের জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা মাঠে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
ইফতার ও খাদ্য-সামগ্রীর মধ্যে রয়েছে ১৫ কেজি চাল, দুই কেজি আলু, দুই লিটার সয়াবিন তেল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি পেঁয়াজ, এক কেজি ছোলা, এক কেজি আটা, এক কেজি লবণ, আধা কেজি গুড়ো দুধ, আধা কেজি খেজুর ও এক প্যাকেট সেমাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-২ আসনের এমপি ও গণ-ফোরাম নেতা মোকাব্বির খান। বক্তব্যে তিনি বলেন, দেশবাসী একটি কঠিন বাস্তবতার মধ্যদিয়ে জীবনযাপন করছে। একদিকে পবিত্র রমজান মাস আর অন্যদিকে করোনা মহামারি। কঠিন এ সময়ে দেশের জাতীয় দৈনিক সমকাল পত্রিকার পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। নিঃসন্দেহে এটি একটি মহতি উদ্যোগে।
প্রবীণ মুরব্বী হযরত মাওলানা জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা। বক্তব্যে তিনি বলেন, ‘সমকাল সুহৃদ সমাবেশ ও আল খায়ের ফাউন্ডেশন’ যে খাদ্য-সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে সেটা অবশ্যই প্রশংসার দাবিদার।
মাদ্রাসার শিক্ষক মাওলানা হাসান বীন ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আল-খায়ের ফাউন্ডেশন’র কান্ট্রি-ডিরেক্টর তারেক মাহমুদ সজীব। বক্তব্যে তিনি বলেন, বিশে^র ৩৩টি দেশে আন্তর্জাতিক সাহায্য সংস্থা আল-খায়ের ফাউন্ডেশন’র এ কার্যক্রম চলছে এবং বাংলাদেশের ২০ টি জেলা ও ৩৭টি উপজেলায় এ কার্যক্রম চলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা শিব্বির আহমদ, সমকাল প্রতিনিধি ও বিশ^নাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক কাজী জামাল উদ্দিন, ব্যবসায়ী ময়নুর রহমান, আব্দুল হান্নান, এমদাদ হোসেন নাঈম, মাদ্রাসা শিক্ষক মাওলানা হাফিজ ফজলুর রহমান, মাওলানা ইমরান আহমদ ও মাওলানা সুফিয়ান আহমদ।
আল-খায়ের ফাউন্ডেশনের পক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কমলজিৎ পাল শাওন, আবু তাহের মো. নাজিম ও রাশেব।
আপনার মন্তব্য