শিপার আহমেদ, বিয়ানীবাজার

২৭ এপ্রিল, ২০২১ ২০:৫৫

বিয়ানীবাজারে ক্রেতাদের নাগালের বাইরে তরমুজ!

সিলেটের বিয়ানীবাজারে রমজানকে উপলক্ষ করে হঠাৎ বেড়ে গেছে তরমুজের দাম। তীব্র গরমে সারাদিন সিয়াম সাধনার পর ইফতারিতে এক টুকরো তরমুজ যেন দারুণ তৃপ্তি দেয় রোজাদারদের। কিন্তু কয়েক সপ্তাহের ব্যবধানে সেই তরমুজ এখন ক্রেতাদের নাগালের বাইরে।

রমজানের আগে বিয়ানীবাজারে (২-৩ কেজি ওজন) একটি তরমুজ বিক্রি হত ১০০-১৫০ টাকায়, বর্তমানে ওই সাইজের একটি তরমুজ বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকায়, মাঝারি সাইজের একটি তরমুজ ( ৪-৫ কেজি ওজন) একটি তরমুজ ২৫০-৩৫০ টাকায় বিক্রি হত, বর্তমানে ৫০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এমন আকাশ ছোঁয়া দামের কারণে এখন আর তরমুজের স্বাদ নিতে পারছেন না বিয়ানীবাজারের নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষরা।

এরইমধ্যে তরমুজের দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। অভিযোগ আছে তরমুজ ব্যবসায়ীরা মনমতো তরমুজের দাম বাড়িয়েছেন। সরবরাহ থাকলেও সংকটের কথা বলে তরমুজের দাম বেশি নিচ্ছেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিয়ানীবাজার পৌরশহরও উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, তরমুজের দাম আকাশচুম্বী।

পৌরশহরের ফল ব্যবসায়ী মনা মিয়ার কাছে তরমুজের দাম চাইলে তিনি ২-৩ কেজি ওজনের একটি তরমুজের দাম হাঁকেন সাড়ে ৫০০ টাকা। এর চেয়ে বড় সাইজের একটি তরমুজের দাম জিজ্ঞেস করলে ৭০০ টাকা চান। মনা বেশি দাম চাওয়ার কারণ জানতে চাইলে মনা মিয়া বলেন, আড়ত থেকেই আমরা বেশি দাম দিয়ে কিনে এনেছি এর সাথে সিলেট থেকে আনতে বেশি গাড়ি ভাড়া দিতে হয় এখন। তাই দাম বেশি চাচ্ছি।

সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, বিয়ানীবাজারে রমজানের আগে তরমুজের দাম কম ছিল । ছোট সাইজের একটি তরমুজ ১০০-১৫০, মধ্যম সাইজের ২০০-২৫০ টাকায় বিক্রি হচ্ছিল। রমজান মাস শুরু হতে না হতেই ফল ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দেন কয়েকগুণ। বর্তমানে তরমুজের আকাশচুম্বী দামে ক্রেতারা একবারে দিশেহারা। কিন্তু এ বিষয় নিয়ে নীরব ভূমিকায় স্থানীয় প্রশাসন। নেই কোন তদারকি।

বাজারে তরমুজ কিনতে পৌরসভার কসবা এলাকার মাহবুব হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, রমজানের আগে একটি ছোট আকারের তরমুজের (গড় ওজন ৪ কেজি পর্যন্ত) দাম ছিল ১০০ থেকে ১৫০ টাকা, মাঝারি আকারের তরমুজ (গড় ওজন ৫ কেজি থেকে ১০ কেজি) ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হতো। তবে ইদানীং দাম বেড়ে যাওয়ায় একটি ছোট সাইজের তরমুজেরই দাম পড়ছে ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা। আর একটা বড় আকারের তরমুজ সাড়ে ৫শ' থেকে ৬শ' টাকা! অনেক ক্ষেত্রে তারও বেশি। তাহলে এত দাম দিয়ে ক'জন মানুষ আর এই গরমে তরমুজে কিনে খেতে পারবে।

পৌরশহরের নিউ মার্কেটের অপর ফল ব্যবসায়ী লিলু মিয়া বলেন, আমরা সিলেটে পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দাম দিয়ে তরমুজ কিনে আনি তাই দাম বেশি। এছাড়াও সিলেট থেকে আনতে গাড়ি ভাড়া এখন কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তাই সব মিলিয়ে বেশি দামে বিক্রি করতে আমরা বাধ্য।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর বলেন, আমাদের কাছে বাজার মনিটরিংয়ের তালিকা রয়েছে। তালিকা দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত