বড়লেখা প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০২১ ১৮:১২

ইউপি কার্যালয়ে আগুন: জেলা প্রশাসনের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

বড়লেখা

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের গঠিত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুধবার (২৮ এপ্রিল) বেলা ১টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকারের উপপরিচালক তানিয়া সুলতানার নেতৃত্বে ৭ সদস্যের দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করেন। এসময় তারা পুড়ে যাওয়া কার্যালয় ঘুরে দেখেন। পাশাপাশি চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউপি সদস্য, সচিবসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকারের উপপরিচালক তানিয়া সুলতানা ছাড়াও কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউছার দস্তগীর, মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুণ পাশা, সিলেটের সহকারী বিস্ফোরক পরিদর্শক মো. আলীম উদ্দিন, জালালাবাদ গ্যাস কুলাউড়ার ব্যবস্থাপক আব্দুল ওহাব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুলাউড়ার উপসহকারী প্রকৌশলী আনসারুল কবীর এবং কমিটির সদস্য সচিব জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা) মো. রুহুল আমীন উপস্থিত ছিলেন।

এছাড়া বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২৫ এপ্রিল জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকারের উপপরিচালক তানিয়া সুলতানাকে আহবায়ক এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা) মো. রুহুল আমীনকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

একই তারিখে জেলা প্রশাসকের নির্দেশনায় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন। সরেজমিনে তদন্ত করে কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

গত সোমবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে এই তদন্ত কমিটির আহ্বায়ক বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরার নেতৃত্বে কমিটির সদস্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনুপ কুমার সিংহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকারের উপপরিচালক তানিয়া সুলতানা বলেন, ‘আমরা আজ ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।’

প্রসঙ্গত, গত রোববার (২৫ এপ্রিল) সকালে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবনে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ইউনিয়ন পরিষদ ভবনের সেমিপাকা ৫টি কক্ষ পুড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চেয়ারম্যানের কক্ষ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডিজিটাল সেন্টার ও গ্রাম আদালতের কক্ষসহ পাঁচটি কক্ষের পাশাপাশি ইউনিয়নের ৫টি কম্পিউটার এবং গুরুত্বপূর্ণ সকল নথি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

আপনার মন্তব্য

আলোচিত