মাধবপুর প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০২১ ২০:৪৩

মাধবপুরে হরষপুর পুলিশ ফাঁড়ির নিজস্ব ভবনে কার্যক্রম শুরু

হবিগঞ্জের মাধবপুরে দীর্ঘ দুই যুগ পর হরষপুর পুলিশ ফাঁড়ি নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করেছে। এর আগে তেলিয়াপাড়ায় আধাপাকা দুতলা ভবনে ভাড়া নিয়ে কার্যক্রম ছিল।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা নবনির্মিত পুলিশ ফাঁড়িতে দাপ্তরিক কার্যক্রমের উদ্বোধন করেন। সরকারি অনুদানে এবং এলাকাবাসীর সহযোগিতায় এই ভবন নির্মাণ করা হয়।

এসময় সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, ওসি আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা, সমাজ সেবক দেওয়ান আব্দুল মোতালেব মতিন, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাধবপুর পূর্ব অঞ্চল ও শিল্প এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, হরষপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা প্রায় দুই যুগ ধরে তেলিয়াপাড়া একটি বাসা ভাড়া নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে আসে। কিন্তু ভবনটি ছিল ঝুঁকিপূর্ণ। পরে তেলিয়াপাড়ায় পুলিশের একটি ভবন করার জন্য তখনকার হবিগঞ্জের পুলিশ সুপার বর্তমানে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র প্রস্তাবে শাহজাহানপুর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী পুলিশের ভবনের জন্য জমি দান করেন। পরে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার তত্বাবধানে মাধবপুর থানার সাবেক ওসি ইকবাল হোসেন ভবনটি নির্মাণ কাজ শেষ করেন। এতে প্রায় ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। যা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ব্যক্তি ভবনের জন্য নগদ টাকা ও অন্যান্য উপকরণ প্রদান করেন।

পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, নতুন ভবন নির্মিত হওয়ায় পুলিশ আরও বেশি করে সেবা দেওয়ার পরিবেশ পেয়েছে। এলাকাবাসী মাদক নির্মূলে পুলিশকে সহযোগিতা করলে সহজে মাদক নির্মূল করা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত