সিলেটটুডে ডেস্ক

০৮ জুন, ২০২১ ১৮:৩৩

সিসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ মামলা

ঝুঁকিপূর্ণ ভবনে দোকান খোলা এবং সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে সিসিকের ভ্রাম্যমাণ আদালত অভিযান করেছেন। স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, সরকারি আদেশ অমান্য করে ঝুঁকিপূর্ণ ভবনে দোকান খোলা ও ভোক্তা অধিকার আইনে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয় অভিযানে। অভিযুক্তদের ৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ জুন ) নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা ও দরগা গেইট এলাকায় সিলেট সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার রুমা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সিসিক জানায়, সরকারি আদেশ অমান্য করে ঝুঁকিপূর্ণ ভবনে দোকান খোলা রাখার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী দুই ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ৩শ টাকা করে জরিমানা করা হয়।

স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন অমান্য করে অবৈধভাবে সড়কে গাড়ি পার্কিং করে নাগরিকদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ৫ ব্যক্তির বিরুদ্ধেও মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে তিনশত টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশনের জন্য এক রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইনে একহাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণসহ সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত