১৪ জুন, ২০২১ ২১:৩৯
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে এক ইউপি সদস্য পানি চলাচলের রাস্তায় বাঁধ দেওয়ায় পানি জমে শতাধিক পরিবার এখন ভোগান্তির মধ্যে পড়েছে। এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের ভুক্তভোগী পরিবারের অভিযোগ ৫০/৬০ বছর ধরে আফজলপুর গ্রামের বৃষ্টির পানি চলাচলের একটি নালা ছিল। সম্প্রতি ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহরিয়ার হিলালী মানি তার বাড়ির পাশে পানি চলাচলের নালা মাটি দিয়ে বন্ধ করে ফেলায় উজানে বৃষ্টির পানি জমে মন্দির, কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন বাসা বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। এতে জনগণের চলাচলে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক রিনা কর বলেন, যুগ যুগ ধরে গ্রামবাসীর পানি এ নালা দিয়ে নিষ্কাশন হতো। কিন্তু সম্প্রতি ইউপি সদস্য নালাটি বন্ধ করে দেওয়ায় জনগণ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। প্রতিদিন হাঁটু পানি ভেঙ্গে গ্রামের লোকজন যাতায়াত করছে।
অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান বলেন, একজন জনপ্রতিনিধির এ ধরনের কর্মকাণ্ডে এলাকাবাসী হতভম্ব হয়ে পড়েছেন। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ইউপি সদস্য শাহরিয়ার হিলালী মানি বলেন, এতদিন যে নালা দিয়ে পানি যেত এটি সরকারি রেকর্ডকৃত কোন নালা নয়। আমার ব্যক্তিগত জায়গায় মাটি ভরাট করেছি।
বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, বাঁধ দেওয়ায় জনগণ ভোগান্তির মধ্যে পড়েছে সত্য তবে নালাটি সরকারি নালা নয়। উভয়পক্ষকে নিয়ে আলোচনা করে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। আশাকরি অচিরেই এ সমস্যা সমাধান হয়ে যাবে।
আপনার মন্তব্য