২০ জুন, ২০২১ ০২:৫৫
১১দিন ধরে বন্ধ শ্রীপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওর বেষ্টিত উত্তর শ্রীপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র। এটি ১৬টি গ্রামের মানুষের চিকিৎসা সেবা গ্রহণের একমাত্র ভরসাস্থল। অথচ গেল ১১ দিন ধরে জনবল সংকটের কারণে উপস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ রয়েছে।
এতে চিকিৎসা না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। তারা বাধ্য হয়ে গ্রামের হাতুড়ে চিকিৎসকদের দ্বারস্থ হচ্ছেন।
অন্যদিকে এটি বন্ধ থাকায় মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠেছে। কবে নাগাদ এটি খুলবে তাও নির্দিষ্ট করে বলছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে স্থানীয় মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত এটি খোলার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘ ধরে জনবল সংকটে ভুগছে। সংশ্লিষ্টরা বছরের পর বছর দায়সারাভাবে গ্রামের মানুষদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। কিন্তু গত ৯ জুন থেকে হঠাৎ বন্ধ হয়ে যায় এর চিকিৎসা কার্যক্রম। ফলে ওই ইউনিয়নের ছিলানী তাহিরপুর, জয়পুর, ইসলামপুর, জয়পুর নতুনহাটি, গোলাবাড়ি, শ্রীয়ারগাঁও, মুজরাই, মন্দিয়াতা, মইয়াজুরী, কামালপুর, মন্দিয়াতা কান্দাহাটি, তরং শ্রীপুর, শিবরামপুর, কালা শ্রীপুর, নয়াবন্দ, কামালপুর গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন।
এদিকে উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধ থাকায় গ্রামের দরিদ্র মানুষ অনেকটা বাধ্য হয়ে হাতুড়ে ডাক্তারের দ্বারস্থ হচ্ছেন। এতে তারা ভুল চিকিৎসার শিকার হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র সূত্রে জানা যায়, এই উপস্বাস্থ্য কেন্দ্রে ১ জন এমবিবিএস চিকিৎসক, ১ জন কমিউনিটি মেডিকেল অফিসার, ১ জন ফার্মাসিস্ট, ১ জন এমএলএসসহ ৪টি পদে জনবল থাকার কথা। কিন্তু দীর্ঘদিন থেকে ১ জন এমবিবিএস চিকিৎসক ও ১ জন মেডিকেল অফিসার কাগজে কলমে দায়িত্বে রয়েছেন। বাস্তবে তাদের দেখা মেলেনি কোনো দিন। এই উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা এমবিবিএস চিকিৎসক জেলা সদর হাসপাতালে (কোভিড-১৯ এর) দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি মেডিকেল অফিসার জয়দেব হাওলাদার বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। এরপর থেকে শ্রীপুর উত্তর উপস্বাস্থ্য কেন্দ্রটি তালাবদ্ধ রয়েছে।
শ্রীপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘আমরা প্রত্যন্ত হাওর পারের মানুষ। যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় উপজেলার সদরে এই অঞ্চলের মানুষের যাতায়াত কম। তাই আমাদের এলাকার অর্ধলক্ষাধিক মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসাস্থল উপস্বাস্থ্য কেন্দ্রটি। করোনা প্রাদুর্ভাবে এমনিতেই মানুষ আতঙ্কের মধ্যে দিন পার করছে। এরমধ্যে গত ১১দিন ধরে জনবন না থাকায় স্বাস্থ্য কেন্দ্র তালা ঝুলছে।’
স্থানীয় বাসিন্দা আমিন মিয়া, আলমগীর হোসেনসহ অনেকেই ক্ষোভের সাথে বলেন, ‘করোনা সংকটের মধ্যে উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার পদায়ন না করে মেডিকেল অফিসার জয়দেব হাওলাদারকে কি করে বদলি করা হয়েছে বুজতে পারছি না। দ্রুত জনস্বার্থে জনবল নিয়োগ দিয়ে স্বাস্থ্য কেন্দ্রটি চালু করার দাবি জানাই।’
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আবু আহমেদ শাফী বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। অনেক কিছুই অবগত নই। তারপরও বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। তবে জনবল সংকট থাকায় ডাক্তাররা উপস্বাস্থ্য কেন্দ্রে সঠিক সেবা দিতে পারছে না।’
তিনি আরও জানান, শ্রীপুর উত্তর উপস্বাস্থ্য কেন্দ্রের পদায়ন হওয়া ডাক্তার জুনায়েদ সরকার ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে কোভিড-১৯ এর চিকিৎসা সেবায় জেলা সদরে নিয়োজিত আছেন। উপস্বাস্থ্য কেন্দ্রেটিতে দুই-একদিনের মধ্যে একজন মেডিকেল অফিসার যোগদান করবেন বলে জানান তিনি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, ‘এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আপনার মন্তব্য