২২ জুন, ২০২১ ২২:০৮
মৌলভীবাজারের কমলগঞ্জে ড্রাইভিং শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চা দোকানের বারান্দায় ঢুকে পড়ে পিকআপ। এতে চাপা পড়েন এক ব্যক্তি।
আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আরো ৯ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুন) বিকেল ৫ টায় আলীনগর ইউনিয়নের চিৎলিয়া আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জায়ফর মিয়া (৭৫)। খবর পেয়ে পুলিশ পিকআপটি জব্দ করে থানায় নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিতলীয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সায়াদ মিয়া একটি পিকআপ নিয়ে গ্রাম্য রাস্তায় গাড়ি চালানো শিখছিলেন। চিতলীয়া আমতলা বাজার এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তাজর মিয়ার চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় দোকানের বারন্দায় বসা জায়ফর মিয়া পিকআপের চাকার নিচে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সদর হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় জায়ফর মিয়া মারা যান।
এ ঘটনায় শামছু মিয়া, জুম্মান মিয়া, আলাল মিয়াসহ আরো ৯ জন আহত হয়েছেন।
আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান প্যানেলের সদস্য সাইফুল ইসলাম শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ খবর পেয়ে পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সায়াদ মিয়া পলাতক রয়েছেন।’
এব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
আপনার মন্তব্য