নবীগঞ্জ প্রতিনিধি

২৪ জুন, ২০২১ ১৫:০৬

বিদ্যুতের লাইন মাটিতে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুশয্যায় তরুণ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয়েছেন এক তরুণ। এমরান মিয়া (১৮) নামে ওই তরুণের অবস্থা বলে জানা গেছে। তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার সকালে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি পূর্ব বাজার সংলগ্ন ইউসুফ নগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত এমরান ৬নং কুর্শি ইউনিয়নের মিঠাপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

জানা যায়, ইউসুফ নগরের মাহবুবা কমিউনিটি সেন্টারের পাশে পল্লী বিদ্যুতের তার মাটিতে ঝুলে পড়ে। বুধবার সকালে কৃষক বাবার জন্য জমিতে ভাত নিয়ে যাচ্ছিলেন এমরান মিয়া। মাটিতে পড়ে যাওয়া তার তিনি দেখতে পাননি। এসময় তারটিতে বিদ্যুৎস্পৃস্ট হয়ে পড়েন এমরান। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান৷   

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারিরীক অবস্থা দেখে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এ ব্যাপারে হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির নবীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আলীবর্দী খান সুজন বলেন, বিষয়টি আমি জেনেছি। খুবই মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত তরুণের চিকিৎসার খোঁজ খবর নিয়েছি। আমরা মানবিক দৃষ্টিতে যতটুক সহযোগিতার প্রয়োজন সেটা করার চেষ্টা করবো৷

তিনি বলেন, এঘটনার খবর পাওয়ার সাথে সাথেই মাটিতে পড়ে যাওয়া বিদ্যুতের লাইনটি মেরামত করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত