নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি , ২০১৫ ১৮:৪৫

'রক্ত দিয়ে ঠেকাও রক্তপাত'

নৈরাজ্যের প্রতিবাদে ভূমিসন্তানের রক্তদান কর্মসূচি

এবার রক্ত দিয়ে দেশব্যাপি চলমান নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদ জানানো হল। বৃহস্পতিবার সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে নৈরাজ্য ও সহিংসতার বন্ধের দাবিতে প্রতিবাদী রক্তদান কর্মসূচি আয়োজন করে সিলেটের পরিবেশ কর্মীদের সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ। আয়োজকরা জানান, রাজনীতির নামে বিএনপি ও জামাত জোট দেশব্যাপি যে সহিংসতা চালিয়ে আসছে তাতে পুরো দেশের মানুষ আতংকিত। সাধারণ মানুষকে জীবন্ত দগ্ধ করে মারা হচ্ছে, শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়েও চলছে ছিনিমিনি খেলা। যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। সরকারও কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এ অবস্থা চলতে থাকলে রক্তের বিনিময়ে পাওয়া স্বপ্নের এই দেশ বসবাসের অযোগ্য হয়ে ওঠবে। তারা বলেন, আজ সারা দেশের বিবেকবান মানুষের আহ্বান হচ্ছে এই নাশকতা ও নৈরাজ্য থামানো। আমরাও এর অংশীদার। রক্তপাত বন্ধ করতে তাই আমরা এই রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। যে দেশে রক্ত দিয়ে মানুষ মানুষের প্রাণ রক্ষা করে সে দেশে রাজনীতি আর ক্ষমতার লোভে সাধারণ মানুষের এই রক্তপাত মেনে নেওয়া যায় না।

শহীদ মিনার প্রাঙ্গনে বিকেল ২ টায় আয়োজিত রক্তদান কর্মসূচিতে ২৫ জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেন। মুজিব জাহান রেডক্রিসেন্ট রক্তকেন্দ্রের সহায়তায় সংগৃহিত এই রক্ত সহিংসতায় আহত ব্যক্তি ছাড়াও মুমুর্ষূ রোগিদের প্রদান করা হবে বলে জানান ভূমি সন্তান বাংলাদেশের আহ্বায়ক আশরাফুল কবির।

ভূমিসন্তান বাংলাদেশের কর্মী দেবাশীষ দেবু, আনিস মাহমুদ, বিপ্লব দেব, দ্বোহা চৌধুরী, শুয়াইব হাসান, রুবেল আহমদ কুয়াশা, মাহবুব আলম, সত্যজিত চক্রবর্তীসহ অন্যান্যরা জানান, মানবতার দাবিতে তারা এই কর্মসূচি আয়োজন করেছেন।

রক্তদাতাদের মধ্যে আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল বলেন, এই আয়োজন মানবিক। শুধু ক্ষমতার লোভে পুরো দেশের মানুষকে আজ জিম্মি করে রাখা হয়েছে। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই।

কর্মসূচিতে উপস্থিত সংস্কৃতিকর্মী রজত গুপ্ত বলেন, যারা হরতাল অবরোধের মধ্যে রক্ত ঝরাচ্ছেন তারা মানবতার কল্যাণে কখনো রক্ত দেননি। তাদের আহ্বান করছি, তারা যেনো সাধারণ মানুষের রক্ত ঝরানো বন্ধ করে মানবতার কল্যাণে নিজের রক্ত দিয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসবেন।

রক্তদান কর্মসূচিতে রক্ত প্রদান করার পর, পরিবেশবাদী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, চলমান সহিংসতায় আমরা সাধারণ নাগরিক নানাভাবে প্রতিবাদ জানাচ্ছি। এটাও একটা প্রতিবাদ। এখন যেভাবে অর্থহীন কারণে মৃত্যু হচ্ছে, তা আমরা চাই না। এই রক্তদান আমাদের সেই চাওয়ার একটি প্রকাশ। দেশের মানুষ মানুষের জন্য রক্ত দিবে, এটাই সবার কাম্য।

এ কর্মসূচিতে রক্তদান করেন, জলিল আহমদ, আব্দুর রহিম, শাহ মো. তানভীর, আমিনুল ইসলাম, রাজু ওয়াহিদ, পলাশ বখ্ত, দীপক বৈদ্য, আব্দুল বাতিন, রফিকুল ইসলাম, হিমাংশু ভূবন কর, মারুফ চৌধুরী, কামরান আহমদ, নুপূর মনি সিং, কয়েস আহমদ, শহিদুর রহমান, আশরাফুল কবীর, মোকাদ্দেস বাবুল, মো. উসমান খান শাহিন, সিরাজ উদ্দিন, আব্দুল করিম কিম ও আলাল উদ্দিন জালালী, হাসান মোর্শেন, ইঞ্জিনিয়ার মাহেনূও রহমানসহ অন্যান্যরা।

 

আপনার মন্তব্য

আলোচিত