নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি , ২০১৫ ১২:৪২

সিলেটে ‘কনফিডেনশিয়াল লিস্ট’ নিয়ে অভিযানে নামছে পুলিশ

সরকারবিরোধী চলমান আন্দোলনে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতার সাথে জড়িতদের গ্রেফতারে এবার ‘কনফিডেনশিয়াল লিস্ট’ নিয়ে চিরুনী অভিযানে নামছে সিলেট মহানগর পুলিশ। আগামী দুয়েকদিনের মধ্যেই এই অভিযান শুরু হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে। চিরুনী অভিযান চালানোর জন্য ইতোমধ্যেই যাচাইবাছাই করে একটি লিস্ট প্রণয়ন করা হয়েছে। এই লিস্টে কারা আছেন, কতো জন আছেন, তা ‘কনফিডেনশিয়াল’ হওয়ায় জানাতে অপরাগ এসএমপি’র উর্ধ্বতন কর্তাব্যক্তিরা।

সিলেট মহানগর পুলিশের একটি সূত্র জানায়- গত ৫ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট টানা অবরোধ চালিয়ে আসছে। এরমধ্যে তারা হরতালেরও আহবান করছে। এই রাজনৈতিক কর্মসূচী সফলের লক্ষ্যে সারাদেশের মতো সিলেটেও সহিংসতা, নৈরাজ্য ও নাশকতা চালানো হচ্ছে। 

চলমান আন্দোলনে শুধুমাত্র সিলেট মহানগরীর আওতাধীন এলাকাগুলোতে ৩০টির বেশি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পেট্রোলবোমা ছুঁড়ে এসব যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া প্রায় প্রতিদিনই  নগরীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ছড়ানো হচ্ছে আতংক। তাছাড়া মহানগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে যানবাহন ভাঙচুরের ঘটনাও এখন নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে।

সূত্র জানায়- এসব নাশকতা, নৈরাজ্যের সাথে যারা জড়িত, তাদেরকে ধরতেই ‘কনফিডেনশিয়াল লিস্ট’ চিরুনী অভিযানে নামা হচ্ছে। সিলেট মহানগর পুলিশের ৬টি থানা পুলিশ একযোগে এই চিরুনী অভিযান চালাবে। চিরুনী অভিযান সফল করার লক্ষ্যে ইতোমধ্যেই বিভিন্নভাবে যাচাইবাছাই করে  তালিকা প্রণয়ন করা হয়েছে। এই তালিকা ধরে নাশকতাকারী ও সহিংসতায় জড়িতদের গ্রেফতার অভিযান চালানো হবে।

সম্প্রতি নাশকতাকারীদের চিহ্নিত করতে নগরীর বিভিন্ন স্পটে বসানো সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিওচিত্র, দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত নাশকতার ছবি আর পুলিশের নিজস্ব সোর্সের মাধ্যমে নাশকতাকারীদের একটি ‘কনফিডেনশিয়াল’ তালিকা তৈরী করেছে এসএমপি। বর্তমানে এই তালিকার চূড়ান্ত যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এর পরপরই চিরুনী অভিযান শুরু হবে। এ লক্ষ্যে সিলেট মহানগর পুলিশের আওতাধীন কোতোয়ালি থানা, জালালাবাদ থানা, বিমানবন্দর থানা, দক্ষিণ সুুরমা থানা, মোগলাবাজার থানা পুলিশকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে রাখা হয়েছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ বলেন, নাশকতাকারী, সহিংসতাকারীদের ধরতে দুয়েকদিনের মধ্যেই সর্বাত্মক অভিযানে নামবে পুলিশ। বিভিন্নভাবে নাশকতাকারীদেরকে চিহ্নিত করা হয়েছে।

নাশকতাকারীদের ধরতে যে তালিকা করা হয়েছে, তাতে ঠিক কতোজনকে চিহ্নিত করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে রহমত উল্লাহ বলেন, ‘এটা কনফিডেনশিয়াল, তাই বলা যাচ্ছে না।

 

 

আপনার মন্তব্য

আলোচিত