১৩ ফেব্রুয়ারি , ২০১৫ ২২:১৫
‘পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে/এসেছে দারুণ মাস’। বাংলার প্রকৃতিতে স্বাড়ম্বরে আগমন ঘটা ঋতুরাজ বসন্তকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করা হয়েছে সিলেটে। আনন্দ উচ্ছাস আর বাসন্তী সাজে সেজে তরুণ-তরুণীরা বরণ করে নেয় বাংলা পঞ্জিকা বর্ষের এই শেষ ঋতুকে।
অবরোধকে উপেক্ষা করে বসন্তকে বরণ করে নেয়ার আয়োজনে দিনভর সিলেট নগরীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। নগরীর শ্রীহট্ট সংস্কৃত কলেজ, এমসি কলেজ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বসন্ত বরণ উপলক্ষে বাসন্তী সাজে তরুণ-তরুণীদের ঢল নামে। চলে হৈ-হুলোড়, নাচ-গান। বিভিন্ন সংগঠন ও গোষ্ঠীর সম্মেলক সংগীত, দলীয় নৃত্য, বৃন্দ আবৃত্তি, ধামাইল, কাঠি নৃত্য, চা নৃত্য, ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্য, ঝুমুর নৃত্য, গণসংগীত, একক পরিবেশনা, বাউল গান ও নাটক পরিবেশনা।
বসন্তবরণকে কেন্দ্র করে সিলেট নগরীর বুক চিরে বয়ে যাওয়া সুরমা নদীর তীরেও জমে তরুণ-তরুণীদের ভীড়। বিশেষ করে সন্ধ্যার পর থেকে আলো-আধারীর মায়াবী খেলায় অনন্য রূপ নেয় ক্বীন ব্রিজ এলাকা।
এদিকে ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রাণের মেলা বসেছিল নগরের মিরেরময়দানস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গনে। দিনব্যাপী অনুষ্ঠানে সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন ঋতুরাজ বসন্ত প্রকৃতির সাথে মানুষের মনেও আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে আসে। ফাল্গুনের চিরন্তনী উচ্ছাস প্রতিটি মানুষকে জাগিয়ে তোলে নবরুপে, নব উদ্দ্যোমে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা বারের সাবেক সভাপতি অ্যডভোকেট আজিজুল মালিক চৌধুরী, প্রবীণ লোকসংগীত শিল্পী সুষমা দাশ, সাংবাদিক আল আজাদ, শ্রীহট্ট সংস্কৃত কলেজ অধ্যক্ষ দিলীপ কুমার দাশ চৌধুরী ও নাট্যজন উত্তম সিংহ রতন। আবৃত্তিকার সৈয়দ সাইমূম আনজুম ইভান ও শর্মীলা দাশ সিমির উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বসন্ত আনন্দ উৎসব উদযাপন পরিষদ সিলেটের আহবায়ক ধ্রুব গৌতম।
বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হলো সিলেট শিল্পকলা একাডেমীর বসন্ত উৎসব। বিকাল ৩টায় জেলা প্রশাসনের সহযোগিতায় পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ভাষা সৈনিক ও শিক্ষাবিদ অধ্যাপক মো. আবদুল আজিজের মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও ঢাকের বাদ্যের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয় উৎসব ১৪২১। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।
আপনার মন্তব্য