১৪ ফেব্রুয়ারি , ২০১৫ ০৪:১৯
চলমান সরকারবিরোধী আন্দোলনে সিলেটে সহিংসতা নিত্য-নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই নগরীর কোথাও না কোথাও ঘটছে হাতবোমার বিস্ফোরণ, দেয়া হচ্ছে যানবাহনে আগুন, ছুঁড়া হচ্ছে পেট্রোলবোমা। এরই ধারাবাহিকতায় সিলেটে এবার দুর্বৃত্তদের হামলার টার্গেট হয়ে ওঠেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। ইতোমধ্যেই জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা, শফিকুর রহমান চৌধুরী ও বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় ককটেল হামলা চালানো হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাসার সামনেও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগ নেতারা বলছেন, অতীতেও বিএনপি-জামায়াত জোট আওয়ামী লীগ নেতাদের টার্গেট করেছিল। এবারও তারা সেই একই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে।
গতবছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী সময়ের সহিংসতায় সিলেটে আওয়ামী লীগ নেতাদের টার্গেট করে একাধিকবার হামলা চালানো হয়। ওই সময় দুর্বৃত্তরা সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ কয়েকজন নেতার বাসায় পেট্রোল বোমা হামলা চালানো হয়।
সম্প্রতি আবারও দুর্বৃত্তদের টার্গেটে পরিণত হয়েছেন সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতারা। গত কয়েকদিনে ককটেল হামলার শিকার হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
গত মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর টিলাগড়স্থ বাসায় দুর্বৃত্তরা ককটেল রেখে যায়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। এর আগেও চলমান সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর শফিক চৌধুরীর বাসায় হাতবোমা নিক্ষেপ করা হয়।
এদিকে গত বুধবার রাতে সাবেক সিসিক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানে বাসায় ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। গত মাসে নগরীর পাঠানটুলায় তার গাড়ি লক্ষ্য করে আরেকবার ককটেল হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ‘চারদলীয় জোট সরকারের সময় থেকেই আমাকে টার্গেট করা হয়েছে। আমার উপর গ্রেনেড হামলা চালানো হয়েছে। সেই ধারাবাহিকতায় এবারের সহিংস আন্দোলনেও আমার উপর হামলার চেষ্টা চলছে।’
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনমত তৈরীর কাজ শুরুর পর থেকেই একাধিকবার ফোনে আমাকে হুমকি দেয়া হয়েছে। হামলা করা হচ্ছে। কিন্তু ভয়ভীতি দেখিয়ে মুজিব সেনাদের দমিয়ে রাখা যায় না, যাবে না।’
আপনার মন্তব্য