১৭ ফেব্রুয়ারি , ২০১৫ ১৩:৩৪
হরতাল চলাকালে মঙ্গলবার ভোরে মৌলভীবাজারের কামালপুর বাজারে দুটি ট্যাঙ্কলরিতে আগুন দিয়েছে হরতালকারীরা। এ ঘটনার ইন্ধনদাতা হিসেবে সদর উপজেলা জামায়াতের পৌর আমীরকে আটক করেছে পুলিশ।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান, শ্রীমঙ্গলের কালাপুর গ্যাসক্ষেত্র থেকে গ্যাসফিল্ডের বিষাক্ত তরল বর্জ্য নিয়ে দুটি ট্যাঙ্কলরি নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসফিল্ডে যাচ্ছিল। পথে ভোর ৬টা ৫ মিনিটে কামালপুর বাজারে হরতালকারীরা তাদের গতিরোধ করে। এ সময় চালক ও হেলপারদের নামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
দুটি লরির বেশিরভাগ অংশই পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় কেউ আহত হননি বলে তিনি জানান।
এ ঘটনায় ইন্ধনদাতা হিসেবে মৌলভীবাজার পৌর আমীর ইয়ামীর আলীকে আটক করেছে পুলিশ। শহরের মুসলিম কোয়ার্টার এলাকার বাসা থেকে সকাল ৭টার দিকে তাকে আটক করা হয়।
আপনার মন্তব্য