নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ(মৌলভীবাজার)

২৫ ফেব্রুয়ারি , ২০১৫ ২৩:৩০

পানির দরে টমেটো,মধ্যস্বত্বভোগীরা লাভবান

হরতাল, অবরোধ আর ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক

সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলাসহ গোটা মৌলভীবাজারে টমেটোর বাম্পার ফলন হয়েছে। কিন্তু অব্যাহতভাবে হরতাল, অবরোধের ফলে কৃষকরা পানির দরে টমেটো বিক্রি করছেন। শনিবার আকষ্মিক ঘুর্ণিঝড় ও শিলাবৃষ্টির কারণে টমেটো ঝড়ে ও গাছ ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে কৃষকদের অভিযোগে এ চিত্র পাওয়া যায়।
    মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মওসুমে জেলায় মোট ৯৪৬ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। ২০০৮ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এছাড়াও বেগুন, ফুল কপি, বাঁধা কপিসহ শীতকালীন শাক সবজির ব্যাপক চাষাবাদ হয়েছে। সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরিসহ রবিশস্য উৎপাদনে ব্যাপক পুঁজি বিনিয়োগ করলেও টানা হরতাল আর অবরোধের কারনে কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সংরক্ষণাগার না থাকা, যানবাহন সমস্যা ও পাইকারদের অনুপস্থিতি সব মিলিয়ে পানির দামে টমেটো বিক্রি করতে হচ্ছে। কমলগঞ্জ উপজেলার রানিরবাজারের মোমিন খান, মানিক মিয়া, তিলকপুরের জমশেদ মিয়া, ব্রজেন্দ্র মোহন সিংহ, মৌলভীবাজারের সোফিয়ান মিয়াসহ কৃষকরা বলেন, টানা হরতাল, অবরোধের কারনে টমেটো কেজি প্রতি ৪/৫ টাকা দরে বিক্রি করছেন। ফলে উৎপাদন খরচ তোলতেও হিমশিম দেখা দিয়েছে। কৃষকরা আরও বলেন, বাজারে টমেটোর কেজি ২০ টাকা হারে বিক্রি হলেও কৃষকরা সেভাবে মূল্য পাচ্ছেন না। এতে কৃষকরা ন্যায্য মূল্য বঞ্চিত হলেও মধ্যস্বত্বভোগীরাই লাভবান হচ্ছেন। গত শনিবার মধ্যরাতে আকষ্মিক ঘুর্ণিঝড়ে গাছ থেকে টমেটো ঝরে পড়ে এবং গাছের ডালপালা ভেঙে মাটির সাথে মিশে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে কৃষকরা জানান। কৃষি অধ্যুষিত সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলায় একটি সংরক্ষণাগার না থাকায় কৃষকরা আরও ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং একটি সংরক্ষণাগার স্থাপনেরও দাবি জানান কৃষকরা।
    কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুদ্দীন আহমদ বলেন, কমলগঞ্জে টমেটোর ভালো চাষাবাদ ও উৎপাদন হচ্ছে। তবে এখানে একটি হিমাগার বা সংরক্ষণাগার থাকলে সেটি কৃষকদের জন্য আরও ভালো হতো এবং কৃষকরা বিপুল উৎসাহ নিয়ে কৃষিতে অধিকতর মনোযোগী হতেন।
মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ চৌধুরী বলেন, এ বছর জেলায় টমেটোর ভাল উৎপাদন হয়েছে। তবে টেকনিক্যাল প্রবলেমের কারনে কৃষকদের কিছু সমস্যা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত