২৭ ফেব্রুয়ারি , ২০১৫ ২০:৫৪
নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টাপর মৌলভীবাজারের রাজনগরে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা সাথে সংশ্লিষ্ট সন্দেহে পুলিশ ২ জনকে আটক করেছে। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পৃথক দুই স্থান থেকে নিহত ছাত্রের ব্যবহৃত একটি মোবাইল ফোনসেট (স্মার্ট ফোন) ও বাইসাইকেল উদ্ধার করেছে। পরিবারে চলছে শোকের মাতম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, রাজনগর উপজেলার দক্ষিন খারপাড়া গ্রামের সৌদি প্রবাসী সেলিউর রহমানে ছেলে রাজনগর আইডিয়েল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র শেখ রায়হান আহমদ (১৪) একই গ্রামের ছমদ মিয়ার বাড়ির কাজের ছেলে জাহেদের (২২) সঙ্গে বৃহস্পতিবার রাত ৮টার সময় বাড়ি থেকে বের হয়ে যায়। রাত ১১টা পর্যন্ত বাড়িতে না আসায় খোজ পড়ে রায়হানের । রাতে কোথাও না পেয়ে ভোরে এব্যাপারে রায়হানের পরিবারের পক্ষ থেকে জাহেদকে জিজ্ঞেস করলে সে অসংলগ্ন উত্তর দেয়। পরে তাকে আটক করে রাজনগর সদর ইউনিয়ের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। রাজনগর ইউনিয়ন পরিষদের অফিসে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পাঁচগাঁও ইউনিয়নের উতাইশাহ গ্রামের জিলা মিয়ার ছেলে প্রাইভেট কার চালক রুবেলের (২৩) কাছে হস্তান্তরের কথা স্বীকার করে।
খবর দিয়ে রুবেল কে আনা হলেও সে বিষয়টি অস্বীকার করে। পরে তাদেরকে রাজনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহত স্কুল ছাত্র শেখ রায়হানের মা আয়েশা বেগম রেখা জানান, তার ছেলে রায়হান সাধারণত সন্ধ্যার পর বাড়ির বাহিরে অবস্থান কওে না। বৃহস্পতিবার গ্রামের মাজারে ওয়াজ মাহফিল থাকায় রাত ৮টায় বাড়ি ফিরে। এসময় তার সঙ্গে ছিল পার্শ্ববর্তী বাড়ির গৃহকর্মী জাহেদ। দুজন একসাথে বাড়িতে খেয়ে আবার বের হয়ে যায়। এরপর আর ফিরেনি। জানা গেছে, পূর্বেই নাকি রায়হানের মা রায়হানকে জাহেদের সথে চলাফেরা করতে নিষেধ করেছিলেন, রায়হান এর জবাবে বলেছিল-‘জাহেদ গরিব মানুষ। তার সাথে না মিশলে আল্লাহ নারাজ হবেন।’ কিন্তু এই জাহেদই শেষ পর্যন্ত ঘাতক রূপে আবির্ভূত হয়। গতকাল ঘটনারপর তার বাড়িতে গেলে দেখা যায় রায়হানের মা এই কথাগুলা বলে আহাজারি করছেন আর বুক চাপড়াচ্ছেন।
এদিকে গতকাল (শুক্রবার) বিকাল ৪টার সময় পাঁচগাঁও ইউনিয়নের গ্রাম পুলিশ রামদয়ালের ভাতিজা হাওর থেকে ঘাস নিয়ে আসার পথে ক্ষেতের জমিতে একটি লাশ পড়ে থাকতে দেখে তার চাচাকে জানান। পরে বিষয়টি রাজনগর থানার পুলিশকে জানালে পুলিশ বিকাল ৫ টার সময় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, লাশের শরিরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অপরদিকে পুলিশ আটক জাহেদের স্বীকারোক্তি অনুযায়ী একই উপজেলার বাগাজুড়া গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে নিহত রায়হানের বাইসাইকেল এবং জাহেদের গৃহকর্তার বাড়ির একটি ঘর থেকে মোবাইল ফোন উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক ধারণা মোবাইল ফোন ও সাইকেলের লোভে ঘাতকরা ফুঁসলিয়ে নিয়ে রায়হানকে হত্যা করে। পুলিশ জানিয়েছে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকা-ের সঙ্গে আটক দুজনসহ ৩ জনের সংশ্লিষ্টতার কথা জানতে পেরেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা জানিয়ে বলেছেন দুজনকে আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক মোবাইল ফোন ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মন্তব্য