২৬ এপ্রিল, ২০১৬ ২০:২৮
তনুসহ সকল নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে ২৫ এপ্রিল’১৬ প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বানে সারা দেশে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পালিত অর্ধদিবস হরতালে পুলিশী নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে মিছিল সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখা।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল টি জিন্দাবাজার থেকে শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শাবিপ্রবি শাখার আহ্বায়ক অপু কুমার দাশ, নগর শাকার সহ-সভাপতি সঞ্জয় কান্ত দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, তনুসহ সকল নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে ২৫ এপ্রিল’১৬ প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য আহুত অর্ধ দিবস হরতাল জনগনের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় সফল হয়েছে। আমরা সিলেটের সর্বস্তরের জনসাধারণকে অভিনন্দন জানাই। হরতালে জয়পুরহাটে পুলিশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য তাজিউল ইসলামকে গ্রেফতার করে থানায় নির্যাতন করেছে,রংপুরে ছাত্রলীগ হরতালে হামলা করে সংগঠনের কেন্দ্রীয় সদস্য রুকনুজ্জামান রুকনসহ ৫ জনকে গুরুতর আহত করেছে। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগঠক মাহাথীর মোহাম্মদকে পুলিশ বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে। সারা দেশের এই গ্রেফতার, নির্যাতন, দমন পীড়ন প্রমাণ করে সরকার অপরাধীদের আড়াল করতে চায়। এর মধ্যে ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাকান্ডের মত নির্মম ঘটনা। দিন যত যাচ্ছে সরকার জনগনের মতামতের তোয়াক্কা তো করছে না বরং বাড়ছে দমন-পীড়ন। অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারের ভাষা তো এই।
বক্তারা আরোও বলেন, দেশের সর্বত্র আজ ভোগবাদী সংস্কৃতির কড়াল গ্রাসে বিপর্যস্ত মনুষ্যত্ব-মানবিকতা। ফলাফলে ঘটছে সীমা, সিমি থেকে তনুসহ একের পর এক নারী নির্যাতনের ঘটনা। নারীর এই অপমান কি আপনার অপমান নয়? তাই আসুন নারী-শিশু নির্যাতনসহ সরকারের যেকোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।
আপনার মন্তব্য