৩০ এপ্রিল, ২০১৬ ১৭:৫০
সুনামগঞ্জের দিরাইয়ে এক রিক্সাচালককে মারপিট করে আহত করার অভিযোগে রুহুল আমিন নামে এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপার হারুণ অর রশীদ ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে দিরাই উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় দিরাই থানার পুলিশ কনস্টেবল রুহুল আমিন রিক্সাচালক সাহিদ মিয়ার রিক্সা নিয়ে শহরের একটি এলাকায় যেতে বলেন। এ সময় রিক্সাচালক সাহিদ যেতে রাজি না হওয়ায় কনস্টেবল রুহুল তার গলায় গামছা পেছিয়ে মাটিতে ফেলে বুকের মধ্যে লাথি মারলে রিক্সাচালক সাহিদ অজ্ঞান হয়ে পড়ে। এসময় স্থানীয়রা প্রথমে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে সিলেট এমএজি ওসামনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় স্থানীয় রিক্সাচালকরা শুক্রবার রাতে ওই পুলিশ সদস্যের বিচার চেয়ে শহরে বিক্ষোভ মিছিল করলে শাস্তির আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
দিরাই থানার ওসি আনিসুর রহমান জানান, বরখাস্তকৃত পুলিশ সদস্যকে সুনামগঞ্জ পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য