মাধবপুর প্রতিনিধি

০৭ মে, ২০১৬ ০০:০৬

মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ পণ্ড

হবিগঞ্জের মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণীর এক ছাত্রী।

শুক্রবার (৬ মে)  দুপুরে সহকারী কমিশনার(ভূমি) রফিকুল ইসলাম পুলিশ নিয়ে উপজেলার চৌমুহনী  ইউনিয়নের হরিণখোলা গ্রামে অভিযান চালিয়ে বাল্য বিবাহ পণ্ড করেন।

জানা যায়, হরিণখোলা গ্রামের বাহার মিয়ার মেয়ে চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী মহুয়া আক্তার চাঁদনির সঙ্গে বিয়ে ঠিক হয় ব্রাহ্মণবাড়িয়ার জেলার সদর উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ওসমান মিয়ার সঙ্গে। .

শুক্রবার বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করে এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম  বিষয়টি জানতে পারলে তাৎক্ষনিক তিনি সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন ।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম মাধবপুর থানার উপ পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম ও দয়াল হরি ভৌমিক কে সঙ্গে নিয়ে বাহার মিয়ার বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করার জন্য ছাত্রীর বাবা কে নির্দেশ দিয়ে বাল্য বিবাহের আয়োজন করার জন্য ছাত্রীর বাবা কে ১ হাজার টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত