নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০১৬ ০১:৪২

বাঘায় টাকা বিতরণের অভিযোগে জনতার হাতে চেয়ারম্যান প্রার্থীর কর্মী আটক

গোলাপগঞ্জের বাঘায় টাকা বিতরণের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থককে আটক করেছে জনতা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় মুরব্বীদের মধ্যস্থতায় আটককৃতকে ছেড়ে দেওয়া হয়।

শনিবার এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাঘা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকিতের (চশমা) সমর্থনে কালাকুনা গ্রামের মাস্টার নিজাম উদ্দিনের বাড়িতে সভার আয়োজন করা হয়। এই সভা থেকে ভোটারদের মধ্যে অর্থ বিতরণেরও অভিযোগ ওঠে।

প্রচার প্রচারণার সময়সীমা শেষ হওয়ার পর নির্বাচনী সভার আয়োজন ও টাকা লেনদেনের অভিযোগ পেয়ে স্থানীয় জনতা ওই বাড়িতে গিয়ে আব্দুস সামাদ নামের  আতাউর রহমান মুকিতের এক কর্মীকে গাড়িসহ আটক করেন। এসময় অন্যরা পালিয়ে যান। পরে স্থানীয় মুরব্বীদের মধ্যস্থতায় ও আব্দুস সামাদ নিজের দোষ স্বীকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে মাস্টার নিজাম উদ্দিন বলেন, আমার বাড়িতে তাঁরা নির্বাচনী প্রচারণায় এমসেছিলেন। নির্বাচনের কলাকৌশল নিয়ে আলোচনা করেছেন। তবে কোনো আর্থিক লেনদেনের ঘটনা ঘটে নি।

এই ইউনিয়নের আ.লীগ সমর্থিত প্রার্থী সাঈদ আহমদ সুহেদ ও বিএনপি সমর্থিত আহাদুর রহমান কামরুল বলেন, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ির অভিযোগ আমাদের কাছেও এসেছে। এব্যাপারে প্রশাসন আরো তৎপর হবে বলে আশা প্রকাশ করেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত