১১ মে, ২০১৬ ১৮:২৩
নাক, কান, গলা ও শিশু রোগ বিশেষজ্ঞ উনি। এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), পিজিটি মেডিসিন ডিগ্রী নিয়েই নাক, কান, গলা ও শিশু রোগ বিশেষজ্ঞ’র পদবীর সাইনবোর্ড লাগিয়ে মৌলভীবাজারের কুলাউড়া হাসপাতালের ভিতরে প্রাইভেট চেম্বারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. মিজানুর রহমান চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ইউনাইটেড হাসপাতালে কর্মরত হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. ইকবাল আহমদ বলেন নাক, কান ও গলা রোগ বিভাগের বিশেষজ্ঞ হতে এম এস, এমডি, ডিএলও এবং শিশু রোগ বিশেষজ্ঞ হতে এমডি, এফ সি পি এস ডিগ্রি প্রয়োজন হয়। এই ডিগ্রি ছাড়া কোনভাবেই বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা প্রদান করতে পারবেননা।
কিন্তু ডা. মোহা. মিজানুর রহমান কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে হাসপাতালের ভিতর নিজ আবাসিক ভবনে প্রাইভেট চেম্বার বসিয়ে নাক, কান, গলা ও শিশু রোগ বিশেষজ্ঞ’র পদবীর সাইনবোর্ড ঝুলিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, গত ৯ মে তাঁর চিকিৎসা অবহেলায় দেড় মাস বয়সী হামিদা বেগম নামে একটি শিশুর মৃত্যুর অভিযোগ রয়েছে। এ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওইদিনই সংবাদকর্মীদের নজরে আসে বিশেষজ্ঞ পদবীর সাইনবোর্ডটি।
পরে বিশেষজ্ঞ পদবী ব্যবহারের ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডা. মঈন উদ্দিন আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বলেন সংশ্লিষ্ট বিভাগের ডিগ্রি ছাড়া কেউ বিশেষজ্ঞ পদবী ব্যবহার করলে তিনি ভুয়া বিশেষজ্ঞ হিসেবে গণ্য হবেন।
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী বলেন , বিভিন্ন গণমাধ্যমে গত ৯ মে শিশু মৃত্যুর খবর পেয়ে তদন্তের জন্য আমি কুলাউড়া হাসপাতাল পরিদর্শন করেছি। ডা. মিজানুরের বিশেষজ্ঞ পদবীর অবৈধ সাইনবোর্ডটি দেখে সেটি সরানোর নির্দেশ দিয়েছি।
আপনার মন্তব্য