১১ মে, ২০১৬ ২০:০৩
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যতোই চক্রান্ত আর ষড়যন্ত্র হোক না কেন এদেশে আগাম কোন জাতীয় নির্বাচন হবে না। নির্বাচন হবে ২০১৯ সালে, তার আগে নয়
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।
নাসিম বলেন, বর্তমান সফল প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চায়। তিনি বলেন, কেউ ভাবেনি এদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের বিচার হবে। যুদ্ধাপরাধীদের বিচার হবে। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সকল হুমকি-ধামকি উপেক্ষা করে এসব খুনীদের বিচার কাজ চালিয়ে নিচ্ছেন। তিনি বলেন, এদেশে খুনীদের কোন ঠাঁই নেই। এটি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর বাংলাদেশ।
বুধবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনের বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ইফতেখার হোসেন শামীমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ শাহ মশাহিদ আলীর পরিচালনায় ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ইফতেখার শামীম স্মৃতি সংসদের আহবায়ক বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-সম্পাদক আজিজুজ সামাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
স্মরণ সভায় স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সম্পর্কে স্মৃতিচারণ করেন। এসময় তিনি সিলেটের ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্টকে শামীম চত্বর নামে নামকরণের ঘোষণাটি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। এ ব্যাপারে তিনি সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দেন।
স্বাগত বক্তব্য রাখেন সামাদ আজাদ স্মৃতি পরিষদের সদস্য সচিব আ ন ম শফিকুল হক।
সভায় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মাসুক উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আবদুল মালিক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি শমিউল আলম, প্রয়াত আওয়ামী লীগ নেতা ইফতেখার হোসেন শামীমের সহধর্মীনি নাজনিন হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, জাসদ নেতা কলন্দর আলী।
আপনার মন্তব্য