নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০১৬ ১৩:৫০

স্মৃতিস্তম্ভের উন্মোচন: অনন্তকে ‘বাঁচিয়ে’ রাখার প্রত্যয়

 ‘জ্ঞানের জ্যোতি ছড়াবে অনন্ত, অনন্তকাল’

যে জায়গায় গত বছর এই দিনে ধর্মীয় উগ্রবাদীদের চাপাতির কোপে লাশ হয়ে পড়েছিলেন অনন্ত বিজয় দাশ। সে স্থানেই ঠিক এক বছর মাথায় তাঁর স্মরণে স্মৃতিস্তম্ভের উন্মোচন করা হল।  

বৃহস্পতিবার (১২ মে) দুপুর ১২টায় ‘অনন্ত বিজয় দাশ স্মৃতি রক্ষা পরিষদ’ এর উদ্যোগে সিলেট নগরীর সুবিদবাজারের নূরানি আবাসিক এলাকার দস্তিদার দিঘির পাড়ে নির্মিত স্মৃতিস্তম্ভের উন্মোচন করা হয়।



এ সময় উদ্যোক্তারা ছাড়াও স্থানীয় এলাকাবাসী, সংস্কৃতিকর্মী ও প্রগতিশীল আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন।

স্মৃতিস্তম্ভ উন্মোচনের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, "অনন্ত ছিল এই প্রজন্মের আলোর দিশারি, বাংলাদেশকে অন্ধকারের পথে নিয়ে যেতেই তাকে হত্যা করা হয়েছে"।

তারা বলেন, দেশ আজ ভয়াবহ বিপদের সম্মুখীন। মত বিরোধের কারণে যদি কাউকে হত্যা করা হয় তবে এই দেশে এক সময় কোন মানুষ বাস করতে পারবে না। মানুষের মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখার পরিবেশ সৃষ্টি করতে সরকারের প্রতি আহবান জানান তারা।

এক বছরেও অনন্ত হত্যার চার্জশিট না দেয়া প্রসঙ্গ টেনে তারা বলেন, "এই হত্যার বিচারে সরকারের কোন আন্তরিকতা নেই এই কারণে খুনিরা একের পর এক খুন করার উৎসাহ পাচ্ছে" । অনন্তের জন্য নির্মিত স্মৃতিস্তম্ভটি ভবিষ্যতে আরও বড় আকারে তৈরি করার দাবিও জানান বক্তারা। অনন্তকে স্মরণ করার মধ্যে দিয়ে মৌলবাদকে প্রতিহত করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।


আইনজীবী মঈনুদ্দিন জালালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, জেলা কমিউনিস্ট পার্টির নেতা আনোয়ার হোসেন সুমন, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাজিয়া চৌধুরী, গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক রাজীব রাসেল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সপ্তর্ষি দাশ।

সমাবেশ শেষে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশের প্রতি শ্রদ্ধা জানায়  ‘অনন্ত বিজয় দাশ স্মৃতি রক্ষা পরিষদ’ , গণজাগরণ মঞ্চ, সিলেট, নগরনাট সিলেট ও সিলেট জেলা ছাত্র ইউনিয়ন।

আপনার মন্তব্য

আলোচিত