১৩ মে, ২০১৬ ১১:২৭
কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক পরিচালিত , নীতিমালা বহির্ভূত মেডিক্যাল টেকনোলজিস্ট কোর্স পরিচালনা বন্ধ, ডিপ্লোমা মেডিক্যাল টেনোলোজিস্ট ও ফার্মাসিস্টদের নিয়োগ চালু, তাদের পদমর্যাদা ১০ম গ্রেডে উন্নীত করনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার (১৩ মে) সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টোকনোলোজিস্ট এসোসিয়েশন (বিপিএমটিএ) আয়োজিত মানববন্ধনে অংশ নেন সিলেটে কয়েকশ টেকনোলজিস্ট।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেশে স্বাস্থ্য অধিদপ্তরের তত্বাবধানে ১১১টি প্রতিষ্ঠান থেকে প্রতিবছর প্রায় সাড়ে সাত হাজার টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পাশ করার পরও বেকার থাকছেন অধিকাংশই। সরকার ২০০৮ সালের পর থেকে এসব পদে নিয়োগ বন্ধ করে দেয়ায় বেকারের সংখ্যা আশংকাজনক পরিমাণে দাঁড়িয়েছে। যারা অনিশ্চয়তার মাঝে দিন কাটাচ্ছেন। তাই অবিলম্বে সরকারী বেসরকারি হাসপাতালে গ্র্যাজুয়েট, ডিপ্লোমা মেডিক্যাল টেনোলোজিস্ট ও ফার্মাসিস্টদের নিয়োগ ও নতুন পদ চালু করার দাবী জানান তারা।
তাছাড়া কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক পরিচালিত, নীতিমালা বহির্ভূত মেডিক্যাল টেকনোলজিস্ট কোর্স বন্ধ ও সরকারী চাকুরীতে ডিপ্লোমা টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১০ গ্রেডে উন্নীত করার দাবী জানান বক্তারা। অবিলম্বে দাবী পূরণ না হলে দেশজুড়ে আরোও কঠিন কর্মসূচী ঘোষণা দেয়া হবে বলেও জানান তারা।
আপনার মন্তব্য