ওসমানীনগর সংবাদদাতা

২১ মে, ২০১৬ ১৫:৩০

'পেশিশক্তি প্রয়োগের চিন্তা করলে অস্তিত্বহীন হয়ে যাবেন'

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) জয়নাল আবেদীন বলেছেন, নির্বাচনে পেশিশক্তি প্রয়োগের চিন্তা না করে ভোটারের মন জয় করার চেষ্টা করুন। পেশি শক্তি প্রয়োগের চিন্তা করলে অস্তিত্বহীন হয়ে যাবেন। কেউ যদি ব্যালেটে অথবা ব্যালেট বাক্সে হাত দেয়ার চেষ্টা করে তার হাত উড়ে যাবে। চারদিকে জালের মতো থাকবে বিভিন্ন বাহিনী। বিচার বিভাগের লোক থাকবে। জাল ভোট দিতে গেলে নিশ্চিত সাজা হবে।

আজ শনিবার দুপুরে সিলেটের ওসমানীনগরের তাজপুর মঙ্গলচন্ডী নিশি কান্ত উচ্চ বিদ্যালয়ে ইউপি নির্বাচন উপলক্ষে আয়োজিত আইন শৃংখলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রার্থীদের উদ্দেশ্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।

জেলা প্রশাসক আরো বলেন, প্রশাসন শতভাগ নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করবে। জনগণের ভোটেই প্রার্থী জয়ী হবে। ভোট ছাড়া জয়ী হওয়ার স্বপ্ন কারো বুকে পোষণ করে রাখলে তা সেই স্বপ্ন বিসর্জন দিন। বাঘা ইউনিয়নের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, কেউ যদি মনে করেন এটি আমাদের মুখের কথা তাহলে ভুল হবে। নির্বাচন আচরণ বিধি কেউ লঙ্গন করলে সাথে সাথে ব্যবস্থা নেয়ার জন্যও উপজেলা প্রশাসনকে নির্দেশ তিনি।

ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত আলীর সভাপতিত্বে এতে সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম, জেলা সিনিয়র নির্বাচন অফিসার আজিজুল ইসলাম, র‌্যাব-৯ এর এএসপি জিয়াউর রহমান, বিজিবি সুবেদার আবদুর রশিদ, আনসার বিডিপি জেলা কমান্ডেন্ট আশীষ কুমার ভট্টাচার্য্য, ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী প্রমূখ। সভায় ৮টি ইউনিয়নের চার শতাধিক ইউপি চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা তার বক্তব্যে বলেন, কারো নির্বাচন ইঞ্জিনিয়ারীং করার চিন্তা থাকলে তা বাক্স বন্ধি করে রেখে দেন। শেষ গুলিটি থাকা পর্যন্তও একটি ব্যালেট পেপার কেউ অন্যায় ভাবে ধরতে পারবে না। ৫স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কালো টাকা ব্যবহারকারীদের আটকে সিভিল টিম মাট পর্যায়ে কাজ করছে। সভায় অন্যান্য বাহিনীর কর্মকর্তারাও একই ধরণের বক্তব্য উপস্থাপন করে প্রার্থীদের হুসিয়ার করে দেন।

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার প্রশাসনের প্রতিশ্রুতিকে উপস্থিত প্রার্থীরা করোতালীর মাধ্যমে স্বাগত জানান।

অন্যান্যের মধ্যে প্রশ্নবোধক বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী মজনু মিয়া, এসটিএম ফখর, ময়নুল আজাদ ফারুক, হাজী আবদুর রব, সদস্যা প্রার্থী চামেলী রাণী দেব এবং ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল প্রমূখ।

উল্লেখ্য, আগামী ২৮মে ওসমানীনগরের ৮ ইউপির ভোট গ্রহণ। নির্বাচনে আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র হিসেবে ৩৪জন চেয়ারম্যান, ২৯৫জন সদস্য এবং ৭২জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করছেন। ৭৬টি কেন্দ্রের মাধ্যমে ৮ইউনিয়নের প্রায় ১লাখ ২৬ হাজার ভোটারের ভোট গ্রহণের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

আপনার মন্তব্য

আলোচিত