২২ মে, ২০১৬ ১৭:৪১
সিলেট নগরীর চৌহাট্টায় পূবালী ব্যাংক লিমিটেড সিলেট মহিলা কলেজ শাখা সুসজ্জিত নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। রবিবার নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্যবসায়ী ও শিল্পপতি হাবিবুর রহমানসহ পর্ষদের সদস্যবৃন্দ।
এ উপলক্ষে ব্যাংক সংলগ্ন সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি প্রাঙ্গণে বর্ণ্যাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সব সুযোগ সুবিধা নিয়ে পূবালী ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নগর পর্যন্ত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। গ্রাহকদের চাহিদার সঙ্গে সমন্বয় রেখে পূবালী ব্যাংক দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে আর্থিক সেবা প্রদান করেছে। তিনি এ সেবা কার্যক্রম আরো জোরদার করতে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহবান জানান।
পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিস আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত অফিসের মহা ব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরী। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মনির উদ্দিন আহমদ, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফাহিম আহমদ ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান, পরিচালক কবিরুজ্জামান ইয়াকুব ও পরিচালক রানা লায়লা হাফিজ।
মঞ্চে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমানের সহধর্মিণী দিলারা বেগম ও ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল হালিম চৌধুরীর সহধর্মিণী রহিমা আক্তার চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুল হালিম চৌধুরী বলেন, দেশব্যাপী ৪৪৪টি শাখা নিয়ে পূবালী ব্যাংক গ্রাহকদের অনলাইন সেবা প্রদান করছে। চলতি বছর আরো ১০টি শাখা সম্প্রসারিত হবে। নিজস্ব সফটওয়ার দ্বারা রিয়েল টাইম অনলাইন সেবা পরিচালনার ফলে গ্রাহকরা উন্নত সেবা পাচ্ছেন। সারা দেশে ১০৫টি এটিএম বুথ থেকেও সেবা নিতে পারছেন গ্রাহকরা। লেনদেনের ক্ষেত্রে পূবালী ব্যাংকের অত্যাধুনিক প্রযুক্তি গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করছে। তিনি সিলেটে বিভিন্ন শিল্প কল কারখানা গড়ে তোলার আহবান জানিয়ে স্থানীয় উদ্যোক্তদের উদ্দেশে বলেন, এক্ষেত্রে পূবালী ব্যাংক সব সময় উদ্যোক্তাদের পাশে থাকবে।
পূবালী ব্যাংক লিমিটেড সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ মহা ব্যবস্থাপক আহমদ এনায়েত মঞ্জুরের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, রোটারীয়ান ডা. মঞ্জুরুল হক চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, রেডক্রিসেন্ট সিলেট ইউনিট সভাপতি মনসুজ্জামান চৌধুরী বাবুল, নূরজাহান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নাসিম আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের পরিচালক জাকির আহমদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক আশরাফুল আলম, মৌলভীবাজার অঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল, সিলেট প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান খান, মহিলা কলেজ শাখার ব্যবস্থাপক মো. স্যামুয়েল আহমদসহ ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান ও কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ব্যাংকের সিলেট ইসলামিক উইন্ডো ইনচার্জ মো. জাহিদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রিন্সিপাল অফিসার জাকিয়া সুলতানা।
এর আগে স্থানান্তরিত মহিলা কলেজ শাখার ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আপনার মন্তব্য