২৩ মে, ২০১৬ ০১:০১
হঠাৎ করেই ৬০০ টাকা বেতন বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন নগরীর স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অভিভাবকরা। রোববার প্রতিষ্ঠানটির পাঠানটুলা ক্যাম্পাসের অভিভাবকরা স্কলার্সহোম পরিচালনাকারী হাফিজ মজুমদার ট্রাস্টের সচিব বরাবরে লিখিত আবেদন করে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানান।
হাফিজ মজুমদার ট্রাস্ট নামক একটি সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে স্কলার্সহোম পরিচালিত হয়। নগরীতে এই শিক্ষা প্রতিষ্ঠানের ৬ টি ক্যাম্পাসে প্রায় ৬ হাজার শিক্ষার্থী অধ্যয়রনরত রয়েছে।
সম্প্রতি হঠাৎ করেই সকল শ্রেণীর শিক্ষার্থীর মাসিক বেতন ১৪০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা নির্ধারণ করে স্কলার্সহোম কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তে ক্ষোভ দেখা দেয় স্কলার্সহোমের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। অবশেষে রোববার তাঁরা বেতন না বাড়ানোর জন্য লিখিত আবেদন করেন।
অভিভাবকরা বছরের মাঝামাঝি সময়ে বেতন বৃদ্ধিকে অনৈতিক বলেও মন্তব্য করেন।
এসময় অভিভাবকরা হাফিজ মজুমদার ট্রাস্টের সচিব লোকমান আহমদ চৌধুরীর সাথে বৈঠক করেও একই দাবি জানান। ট্রাস্ট সচিব চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ৩০ মে পর্যন্ত সময় নিয়েছেন।
আরও পড়ুন : স্কলার্সহোমের টিউশন ফি একলাফে বেড়ে গেলো ৬০০ টাকা, ক্ষুব্ধ অভিভাবকরা
অভিভাবকরা জানান- স্কলার্সহোম স্কুলের প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাসিক বেতন ১৪০০ টাকা নেয়া হয়। নিয়ম অনুযায়ী বছরের শুরুতে বেতন বৃদ্ধি হওয়ার কথা। শিক্ষার্থী ভর্তি করার সময় এমন প্রতিশ্রুতিও ছিল প্রতিষ্ঠান কর্তৃপক্ষে।
কিন্তু হঠাৎ করে গত ৪ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সকল শ্রেণীতে মাসিক বেতন ৬০০ টাকা বাড়িয়ে দেয়া হয়। আগামী জুলাই মাস থেকে বর্ধিত টাকাসহ প্রতিমাসে ২০০০ টাকা বেতন পরিশোধের নোটিশ দেয়া হয়।
এর আগে স্কলার্স হোমের শিবগঞ্জ ক্যাম্পাসের অভিভাবকরা আন্দোলনে নামার হুমকি দিলে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে অভিভাবকরা আন্দোলন থেকে সরে দাঁড়ান।
আপনার মন্তব্য