২৩ মে, ২০১৬ ২২:২৯
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি আপেল ৪ হাজার ১শ ৪৭ টাকায় বিক্রি হয়েছে। রোববার পবিত্র শবে বরাতের রাতে উপজেলার হাজীপুরের পশ্চিম বিলেরপার মসজিদে নিলামের মাধ্যমে আপেলটি বিক্রি করা হয়।
পশ্চিম বিলের পার জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন জানান, বিভিন্ন সময় মুসল্লীরা মসজিদ তহবিলে বিভিন্ন পণ্য সামগ্রী দান করেন। সেগুলো নামাজ শেষে নিলামে উপস্থিত মুসল্লীরা কিনে নেন। সেই টাকা মসজিদ তহবিলে জমা করা হয়। গতকাল পবিত্র শবে বরাতের রাতে বিলের পার গ্রামের মুসল্লী আলকাছ মিয়ার ছেলে আসুক মিয়া একটি আপেল মসজিদে দান করেন।
স্থানীয় মুসল্লীদের উপস্থিতিতে আপেলটি বিক্রির জন্য রাত দেড়টা থেকে নিলামের ডাক শুরু হয়। সর্বশেষ রাত তিনটায় ওই এলাকার আব্দুল খালিকের ছেলে আক্তার হোসেন নামে একজন মুসল্লী ৪ হাজার ১শ ৪৭ টাকায় আপেলটি কিনে নেন।
আপনার মন্তব্য