২৩ মে, ২০১৬ ২৩:৫১
সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি এবং দৈনিক শ্যামল সিলেটের সম্পাদকমন্ডলীর সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামানের বাসায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সোমবার বিএনপি নেতা এডভোকেট জামানের ভাগ্নে তাহুর আহমদ শিব্বির অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাটি সিলেট মেট্রোপলিটন পুলিশের হযরত শাহপরাণ (র.) থানায় সাধারণ ডায়েরি হিসেবে নথিভূক্ত করার আবেদন জানান। পরে অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভূক্ত করা হয় (নম্বর-১১৪১/২৩.০৫.১৬)।
আবেদনে তাহুর আহমদ শিব্বির উল্লেখ করেন, বিএনপি নেতা সামসুজ্জামান জামানের প্রবাসে থাকাবস্থায় তিনি সিলেট নগরীর বোরহানবাগস্থ ৩৬নং বাসা দেখাশোনা করেন। প্রতিদিনের মতো ২১ মে শনিবার রাত ১১টার দিকে বাসার দরজা-জানালা ভালোভাবে লাগিয়ে রাখেন। পরদিন রোববার ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসায় অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।
জানা যায়, রবিবার ভোরে দুর্বৃত্তরা এডভোকেট জামানের বাসার গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং বাসায় অগ্নিসংযোগ করে।
এ ব্যাপারে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য