নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০১৬ ০০:২০

মে দিবসে নির্মাণ শ্রমিক হত্যা: আসামীরা ‘সরকারদলীয়’, তাই গ্রেফতার নেই

সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় নির্মান শ্রমিক ইসলাম হোসেন (৩৫) খুনের ঘটনায় ২৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। অভিযোগ রয়েছে, এই হত্যা মামলার আসামীরা সরকারদলীয় বিভিন্ন অঙ্গসংগঠনের সাথে জড়িত থাকায় গ্রেফতার করছে না পুলিশ।

এদিকে, আসামীরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে নিহতের পরিবার।

গত ১ মে সন্ধ্যায় নগরীর শামীমাবাদ এলাকায় নির্মাণ শ্রমিক ইসলাম হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ইসলাম হোসেন শামীমাবাদ এলাকার ১২৬ নম্বর বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়।

১ মে রাতেই নিহতের বাবা তোতা মিয়া বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় ছয়জনের নাম উল্লেখ করে এ মামলা করেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো ছয়/সাতজনকে আসামী করা হয়।

মামলার আসামিরা হলেন—সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৭ নম্বর শাহারপাড়া মুরাদাবাদ এলাকার জামাল উদ্দিন (২৫), সৈয়দপুর গ্রামের বাসিন্দা লিটন আহমদ হরফে ছইলা লিটন (৩০), কোতোয়ালি থানার রুহেল আহমদ (৩২), জগন্নাথপুর থানার তেগরী গ্রামের মুরছালিন আহমদ তালুকদার (৩৫), একই গ্রামের শাহিনুর আহমদ শাহিন (২৯) ও বালাগঞ্জ উপজেলার তালতলা গ্রামের মো. কামাল হরফে দা কামাল (৩০)।

আসামীদের মধ্যে শাহিনুর আহমদ শাহিন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা, মুরছালিন আহমদ তালুকদার জেলা যুবলীগ নেতা ও জামাল উদ্দিন যুবলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত।

এঁদের মধ্যে জামাল উদ্দিন নগরীর শামীমাবাদ এলাকায় মজনু মিয়ার কলোনিতে, লিটন শামীমাবাদ এলাকায়, মুরছালিন শামীমাবাদ ৬ নম্বর রোডে, শাহিনুর শামীমাবাদ এলাকায় ও দা কামাল শহরতলি তেমুখীর হাবিব রেস্টুরেস্টে থাকে।

মে দিবসে শ্রমিক খুনের ঘটনায় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়। শ্রমিক হত্যাকারীদের গ্রেফতারে নগরীতে পোস্টারিংও করে বিভিন্ন সংগঠন। তবু গ্রেফতার হয়নি আসামীরা।

অভিযোগ রয়েছে, আসামীদের কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় তাদের গ্রেফতার করছে না পুলিশ। আসামীরা নগরীতে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতারে পুলিশের তেমন কোনো তৎপরতা নেই।

তবে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ জানিয়েছেন, আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে। পুলিশ বিভিন্ন স্থানে অভিযানও চালাচ্ছে।

অপরদিকে নিহতের পিতা তোতা মিয়ার অভিযোগ, আসামীরা গ্রেফতার না হওয়ায় তারা হুমকি প্রদান করছে। ফলে নিরাপত্তাহীনতার ভূগছেন তাঁরা।

আপনার মন্তব্য

আলোচিত