২৪ মে, ২০১৬ ১৫:৫৫
নগরীর লাক্কাতুরা বাগানের ভিতর দিয়ে প্রবাহিত সিলেটের অন্যতম প্রধান পানি নিষ্কাশনের পথ মালনীছড়া উদ্ধার ও প্রশস্থকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম এই কাজের উদ্বোধন করেন।
এসময় লাক্কাতুরা চা ফ্যাক্টরির পেছনের দখল হয়ে যাওয়া মালনীছড়ার অংশে এস্কেভেটর মেশিন দিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে সিলেট সিটি করপোরেশন। ছড়ার দখল হওয়া বিভিন্ন স্থান দেখিয়ে দেন কাউন্সিলর শামীম।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘ছড়া উদ্ধার করা এখন সময়ের দাবি। দখল হওয়ার কারণে ছড়ার প্রশস্ত কমে গেছে। যার কারণে সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সিলেট নগরী। এখনই ছড়া উদ্ধার কার্যক্রমের উপযুক্ত সময়। ছড়া প্রশস্থ হয়ে গেলে আগামীতে এই ছড়ার আশেপাশের এলাকায় জলাবদ্ধতা হবে না।’
উদ্ধার কার্যক্রমে উপস্থিত ছিলেন- লাক্কাতুরা চা বাগানের ব্যবস্থাপক সৈয়দ মাহমুদ হাসান, ভূমি বিষয়ক কর্মকর্তা এ এইচ এম জাফর চৌধুরী বুলবুল, সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রন বাহাদুর জুট, উপ-সহকারী প্রকৌশলী বিজিত চন্দ্র দে, ইউপি সদস্য রন বাহাদুর জুট, সাবেক সদস্য গুনধর গোয়ালা, ওয়ার্ড সচিব তিমির নাগ।
এছাড়া উপস্থিত ছিলেন- নজরুল ইসলাম, সামুসল হক, নাসির হোসেন দুদু, গোলাম কিবরিয়া জিতু, গোলাম শাহরিয়ার, লুৎফুর রহমান লিটু, কিবরিয়া আহমদ, ফাহিম আহমদ, ভপেলা লোহার, লিমন আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য