সিলেটটুডে ডেস্ক

২৪ মে, ২০১৬ ১৭:২৬

বর্ধিত বেতন দেবেন না স্কলার্সহোমের অভিভাবকরা

সিলেটের স্কলার্সহোম স্কুল এন্ড কলেজে অকষ্মাৎ শিক্ষার্থীদের ফি অত্যধিক বাড়িয়ে দেয়ায় আন্দোলনে নেমেছেন অভিভাবকরা। বর্ধিত মাসিক বেতন প্রত্যাহারের দাবিতে সকল ক্যাম্পাসের সম্মুখে বুধবার সকাল ৯টায় মানববন্ধনের কর্মসূচী পালন করা হবে।

মঙ্গলবার সকালে শিবগঞ্জ ক্যাম্পাসের অভিভাবক ফোরামের সভায় সকল ক্যাম্পাসের সমন্বয় কমিটি ঘোষিত মানববন্ধন কর্মসূচীর সাথে একাত্বতা ঘোষণা করে বর্ধিত মাসিক বেতন না দেয়ার সিন্ধান্ত হয়েছে।

মঙ্গলবার নগরীর শিবগঞ্জে সাকিল কমিউনিটি সেন্টারে স্কলার্স হোমের শিবগঞ্জ ক্যাম্পাসের অভিভাবকদের যৌথ সভায় সভাপতিত্ব করেন অভিভাবক ফোরামের আহ্বায়ক। সদস্য সচিব তাজ উদ্দিন খান আলম সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক ছুরাব আলী, সাংবাদিক ফারুক আহমদ, মো: আমিরুজ্জামান, সামছুল ইসলাম চৌধুরী, সুমন আহমদ, শাহানা খানম, নিগার সুলতানা ডেইজী, শাহানা বেগম, শামীমা ইসলাম, জেনী চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বুধবারের মানববন্ধন কর্মসূচী সফল করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন। বছরের মাঝামাঝি সময়ে তারা অস্বাভাবিক বেতন বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।

অভিভাবকরা জানান- স্কলার্সহোম স্কুল এ- কলেজের প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাসিক বেতন ১৪০০ টাকা নেয়া হয়। নিয়ম অনুযায়ী বছরের শুরুতে বেতন বৃদ্ধি হওয়ার কথা। শিক্ষার্থী ভর্তি করার সময় আভিভাবকদের কাছ থেকে আগামী বছরের শুরুতে ২০০টাকা বৃদ্ধি হবে এমন আঙ্গিকারনামা নিয়েছিলেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। কিন্তু বছরের মাঝামাঝি সময় এসে কর্তৃপক্ষ মাসিক বেতন ১৪০০টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা ধার্য করে দিয়েছেন। এতে বিপাকে পড়েছেন অভিভাবকরা।

আপনার মন্তব্য

আলোচিত