সিলেটটুডে ডেস্ক

২৭ মে, ২০১৬ ০১:১৮

সাম্প্রদায়িক গালি দিয়ে জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মনি’র বাসায় হামলা

মৌলভীবাজারের জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি'র বাসায় সোমবার রাতে দু’দফা হামলার অভিযোগ পাওয়া গেছে।

জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর দেব রায় মনি জানান, জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলির দুই দেবর ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান এমএ মুমিত আসুকের ভাই এমএ মুজিব মাহবুব ও হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি এমএ মুঈদ ফারুকের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল সোমবার (২৩ মে) রাত আনুমানিক সাড়ে ১১ টায় এবং দ্বিতীয় দফা রাত দেড়টায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা তাঁর বাসার গেইটের বাইরে ভাঙচুর চালায়। বিষয়টি তিনি জুড়ী থানা পুলিশ ও বিজিবিকে জানালে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রদায়িক উস্কানী দিয়ে মালাউনের বাচ্চা গালি দিয়ে আমাকে কেটে ফেলার প্রকাশ্যে হুমকি দেন দুই ভাই।

হামলা প্রসঙ্গে এমএ মুজিব মাহবুব মোবাইল ফোনে জানান, উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অনেক অভিযোগ। প্রশাসনকে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না। জুড়ী টিএনখানম কলেজের এক ছাত্রীর ইভটিজিং মামলা সংক্রান্ত বিষয় সমাধান করে দেয়ার কথা বলে ওই ছাত্রীর বাড়ীতে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান। ওই মেয়র মা তাদের কাছে বিচার প্রার্থী হলে, আমার বড় ভাই তাকে বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্য অফিসে ডাকেন। কিন্তু সে আসেনি। তাকে এব্যাপারে জিজ্ঞাসা করতে গেলে ভাইস চেয়ারম্যান বাসা থেকে দা নিয়ে আমাদের কেটে ফেলার হুমকি দেন।

হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি এমএ মুঈদ ফারুক অভিযোগ করেন যে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অনেক অভিযোগ। এলাকার জনগণ বিক্ষুব্ধ হওয়ার ফলে এই ঘটনা ঘটে।

এদিকে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শামসুল আলম জানান, তারা দু’পক্ষ অনেকটা নিয়ন্ত্রণহীন অবস্থায় পরস্পরকে গালিগালাজ করছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিয়েছে। তবে কোন পক্ষ থানায় কোন অভিযোগ দেয়নি।

আপনার মন্তব্য

আলোচিত