সিলেটটুডে ডেস্ক

২৭ মে, ২০১৬ ২০:২৭

গোলাপগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গোলাপগঞ্জে শত বছরের পুরাতন কায়স্থগ্রাম রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বাদ জুম্মা উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কায়স্থগ্রাম রাস্তা সংস্কার করে জনচলাচলের দীর্ঘ দিনের ভোগান্তির অবসানের দাবি জানান এলাকার জনসাধারণ।

জানা যায়, শত বছরের পুরাতন কায়স্থগ্রাম রাস্তাটি ১০ বৎসর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। এলজিইডির এ রাস্তাটি দীর্ঘ দিন থেকে অবহেলায় পড়ে আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। অবশেষে এলাকার মানুষ ফুসে উঠেছে রাস্তাটি মেরামতের দাবীতে। সংস্কারের জোর দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কার প্রয়োজন। তা না হলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তারপরও চলাফেরা জীবন-জীবিকার তাগিদে প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে গাড়ি চলাচল করতে হয়। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ায় বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে ফলে এ সড়কে চলাচলকারী যাত্রীদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এনিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

কায়স্থগ্রাম নাশাগঞ্জ থেকে কিছমত মাইজভাগ দক্ষিণপাড়া পর্যন্ত জায়গা খানাখন্দে পরিণত হয়েছে। পিচ উঠে রাস্তার মাটি বের হয়ে পড়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার অনেক জায়গায় কার্পেটিংয়ের কোনো লেশমাত্র নমুনা নেই। রীতিমত ঝুঁকি নিয়ে চলছে স্কুল মিনিবাস, রিকশা, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল, ট্রাক, সিএনজি, পিকআপসহ নানা প্রকারের হালকা ও ভারী যানবাহন। এমনকি রাস্তার ওপরে ছোট বড় গর্ত হওয়ার কারণে স্বাভাবিক হাঁটাচলাও দুঃসাধ্য হয়ে পড়েছে। কায়স্থগ্রাম নাশাগঞ্জ, কুসুমবাগ, কিছমত মাইজভাগ উত্তরপাড়া ও দক্ষিণপাড়া অধিকাংশ মানুষ বাজারমুখী হওয়ায় রাতে যখন বাড়ি ফিরে তখন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। তাছাড়া এ রাস্তা গ্রামের প্রবেশপথ হওয়ায় গ্রামের প্রত্যন্ত এলাকার হাজার মানুষ ও বিশেষ করে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন এলাকার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। তাই এই রাস্তাটি সংস্কার জরুরি। তাই শিগগির রাস্তা সংস্কার করে গ্রামবাসী যাতে দুর্ভোগ থেকে মুক্তি পায় তার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী জামাল আহমদ, বিশিষ্ট মুরব্বি নজরুল ইসলাম, সমাজসেবী ফারুক হোসেন, ইকবাল হোসেন, কলা মিয়া, নবনির্বাচিত ৫নং ওয়ার্ড মেম্বার গোলজার হোসেন, নবনির্বাচিত ৭নং ওয়ার্ড মেম্বার শাহাব উদ্দিন চৌধুরী ছালিক,  জাগরণ যুব সংঘের সভাপতি আবু তাহের, সুহেদ আহমদ, শাম্মি আহমদ, জাগরণ যুব সংঘের সাধারণ সম্পাদক আবুল খয়ের চৌধুরী রাজু, সাইদুল আহমদ, আকসার আহমদ জুনেদ, সাংবাদিক মনসুর হোসেন মুন্না, আওলাদ হোসেন মাছুম, মাহফুজ আহমদ তারেক, সামাদ আহমদ, জুনেদ আহমদ, নাছের আহমদ, পাবেল আহমদ, নাদিম আহমদ, সরওয়ার হোসেন ও নাহিদ হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত