২৭ মে, ২০১৬ ২২:৫৬
জগন্নাথপুরে নির্বাচনী প্রচারণার সময়সীমা শেষ হওয়ার পর গণসংযোগ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে নির্বাচনের প্রচার-প্রচারণা বন্ধের দিনে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিনের ধানের শীষের পক্ষে স্থানীয় কাতিয়া বাজারে গণসংযোগ করেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। এ সময় দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপির আরেক বিদ্রোহী প্রার্থী শামীম হোসেনসহ তাঁর সমর্থকরা শাহীনুর পাশাকে লাঞ্ছিত করেন। তখন পার্শ্ববর্তী এক বাড়িতে দৌড়ে গিয়ে আত্মরক্ষা করেন শাহীনুর পাশা। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন বলেন, দলীয় মনোনয়ন নিয়ে শাহীনুর পাশা বাণিজ্য করেছেন। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর মধ্যে নির্বাচনী প্রচারণা বন্ধের দিনে তিনি গণসংযোগ করায় আমার ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা তাঁকে লাঞ্ছিত করলে তিনি দৌড়ে পালিয়ে যান।
এ ব্যাপারে জানতে অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেন নি।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, গত বৃহস্পতিবার রাত ১২ টা থেকে সব ধরণের প্রচার-প্রচারণা বন্ধ রয়েছে। এর মধ্যে কেউ কোন প্রার্থীর পক্ষে গণসংযোগ করলে তা অবৈধ।
আপনার মন্তব্য