নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০১৬ ০০:৫১

হেফাজতের শফি-বাবুনগরীর সাথে মঞ্চে আ. লীগের মেয়র!

হেফাজতের দুই শীর্ষ নেতার সাথে মঞ্চে উপবিষ্ট গোলাপগঞ্জের মেয়র সিরাজুল জব্বার চৌধুরী (বাঁ থেকে প্রথম)

হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফি ও মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে একটি অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, আওয়ামী লীগ নেতা সিরাজুল জব্বার চৌধুরী। অনুষ্ঠানে মঞ্চে পাশাপাশি বসেছিলেন এই তিন নেতা।

শনিবার (২৮ মে) দুপুরে গোলাপগঞ্জ পৌরশহরে একটি বিপনী বিতানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ আহমদ শফি। বিশেষ অতিথি ছিলেন জুনায়েদ বাবুনগরী। আর অতিথি ছিলেন মেয়র সিরাজুল জব্বার চৌধুরী।

এ নিয়ে রাজনৈতিক মহলে নানামূখী আলোচনা দেখা দিয়েছে।

ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সাথে সরকার সখ্যতা গড়ে তুলতে চাইছে, দেশজুড়ে চলমান এমন আলোচনার মধ্যেই হেফাজতের দুই শীর্ষ নেতার সাথে একই অনুষ্ঠানে অতিথি হলেন এক আওয়ামী লীগ নেতা।

যদিও বিভিন্ন সময়ে সরকারের সমালোচনা করে বক্তৃতা দিয়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন হেফাজতের এই দুই শীর্ষ নেতা। বিভিন্ন ইস্যুতে সরকারবিরােধী আন্দোলনেরও ডাক দেয় হেফাজত। তবে সাম্প্রতিক সময়ে সরকার ও হেফাজতের মধ্যে দুরত্ব কমে আসছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শনিবার হেফাজতের দুই শীর্ষ নেতার সাথে একই অনুষ্ঠানে অতিথি হওয়া প্রসঙ্গে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'এটি হেফাজতের কোনো অনুষ্ঠান ছিলো না। হেফাজতের অনুষ্ঠান হলে আমি যেতাম না। অনুষ্ঠানটি ছিলো একটি টাওয়ারের উদ্বোধন উপলক্ষ্যে দোয়া মাহফিল। আয়োজকরা আল্লামা শফী ও বাবুনগরীকে নিয়ে এসেছেন। আমাকেও দাওয়াত করেছিলেন। তাই সেখানে গিয়েছি।'

সিরাজুল জব্বার চৌধুরী বলেন, 'এই অনুষ্ঠানে শফী সাহেব সরকারের পক্ষেই কথা বলেছেন। তিনি এমনটি সবসময় বলে থাকলে তো ভালোই হয়। এরকম লোকদের মুখ দিয়ে মুক্তিযুদ্ধ-সরকারের পক্ষে কথা বলানোর দরকার আছে।'

উল্লেখ্য, শনিবার (২৮ মে) দুপুরে গোলাপগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে নব-নির্মিত মার্ভেলাস টাওয়ারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শাহ আহমদ শফি বলেন, 'দেশের সবাই শান্তি  চায়। দেশ কখনও খারাপ হয় না। মানুষের জন্য দেশ খারাপ হয়।'

আল্লামা আহমদ শফি বলেন, 'ইসলামে অসত্য, অন্যায়, সন্ত্রাসের কোনো স্থান নেই। ইসলাম ন্যায় ও শান্তির ধর্ম। ইসলামকে অনুসরণ করতে পারলে এ দেশে কোনো হানাহানি ও সন্ত্রাস থাকবে না। আজ সর্বত্র ইসলামকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। ইসলামের ওপর আঘাত হানা হচ্ছে নানাভাবে। আমাদের অনৈক্য আর নিজ ধর্মের মধ্যে কতিপয় গোমরাহ ও ধর্মবিরোধীর কারণেই বিধর্মীরা এ সুযোগকে কাজে লাগাচ্ছে। মুসলমানদের অনৈক্যের কারণে ইসলাম বিরোধীরা ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে।'

মাওলানা হিলাল উদ্দিনের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী।

দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মার্ভেলাস টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মাওলানা নুরুল হুদা।

উল্লেখ্য, গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন সিরাজুল জব্বার। বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা যুগ্ম সম্পাদক পদ থেকে তাকে বহিস্কার করে আওয়ামী লীগ। তবে প্রকাশ্যে বহিস্কার করলেও নির্বাচনে তাঁর পক্ষে আ' লীগের অনেক শীর্ষ নেতাই কাজ করেন বলে অভিযোগ আছে।

আপনার মন্তব্য

আলোচিত