নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০১৬ ০২:২৮

দক্ষিণ সুরমায় যুবকের মৃত্যুর ঘটনায় ৩ ঘন্টা সড়ক অবরোধ

দক্ষিণ সুরমায় রহস্যজনকভাবে ছাদেক আহমদ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় জনতা সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ হত্যাকারীদের খুঁজে বের করে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয় । মঙ্গলবার দুপুর আড়াই থেকে সন্ধ্যা পৌনে ৬ টা পর্যন্ত হাজরাই রেল ক্রসিংয়ে জনতা এ অবরোধ করে।

এদিকে, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ ময়না তদন্ত শেষে নিহত ছাদেক আহমদের লাশ তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করেছে। নিহত ছাদেক দক্ষিণ সুরমা থানার হাজরাই চৌধুরীগাঁও গ্রামের আশিক মিয়ার পুত্র। সে মোটরসাইকেল মেকানিকের পাশাপাশি ইলেকট্রিক মিস্ত্রি ছিল। এ ঘটনায় নিহত ছাদেকের পিতা আশিক মিয়া বাদী হয়ে ঘটনার দিন রাতেই দক্ষিণ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। নং- ৬।

দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) ছাহাবুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে অবরোধে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়। নিহত ছাদেকের পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে সব ধরণের আইনী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে জনতা তাদের অবরোধ তুলে নেয় বলে জানান ওসি।

গত সোমবার সকালে দিকে বরইকান্দি ৪ নং রোডের মাঝপাড়াস্থ মৃত আব্দুল মতিনের বসতবাড়ীর পিছনের বারান্দার তীরের সাথে গলায় ওড়না পেচাঁনো অবস্থায় ছাদেকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশকে খবর দেন। পরে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রিপন দাসসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে ছাদেকের ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত ছাদেক মিয়া আব্দুল মতিনের এক মেয়েকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল বলে জানা গেছে। কিন্তু এ বিয়ের প্রস্তাবটি মেয়েটি প্রত্যাখ্যাত করায় হয়তো সে আত্মহননের সিদ্ধান্ত নিতে পারে বলে অনেকে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত