০২ জুন, ২০১৬ ২০:৪০
শাহ এএমএস কিবরিয়া, এম. সাইফুর রহমান আর আবুল মাল আবদুল মুহিত। তাঁরা তিনজনই অর্থমন্ত্রী। দুজন সাবেক আর একজন বর্তমান। এই তিনজনের মধ্যে আরেকটি মিল হলো- তাদের তিনজনের বাড়িই বৃহত্তর সিলেটে।
কিবরিয়া হবিগঞ্জের, সাইফুর মৌলভীবাজারের আর মুহিত সিলেট নগরীর। এই তিন সিলেটী মিলেই এ পর্যন্ত সংসদে পেশ করেছেন ২৮ টি বাজেট। দেশে এ পর্যন্ত বাজেট হয়েছে ৪৫টি। এ পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন ১১ জন। ফলে কিবরিয়া-সাইফুর-মুহিতত্রয়ী বাদে বাকী ৮ জন অর্থমন্ত্রী মিলে পেশ করেন ১৭ টি বাজেট।
এদের মধ্যে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ১২ বার, প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ৬ বার এবং বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১০ বার বাজেট পেশ করেছেন। সে হিসেবে স্বাধীনতা পরবর্তী জাতীয় বাজেট উপস্থাপনে সিলেটী অর্থমন্ত্রীদেরই দাপট দেখা গেছে।
অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার (০২ জুন) বিকেল ৩টা থেকে দেশের ৪৫তম বাজেট পেশ শুরু করেন। এটি মুহিতের দশম বাজেট পেশ। জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটই হল দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট।
এর আগে স্বাধীন বাংলাদেশে প্রথম বাজেট প্রস্তাবনা জাতীয় সংসদে উপস্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। ১৯৭২-৭৩ অর্থবছরে তাজউদ্দিন আহমেদ ৭৮৬ কোটি টাকা, এডিপি ৫০১ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন। এরপর ১৯৭৩-৭৪ ও ১৯৭৪-৭৫ অর্থবছরগুলোতে দু’বার বাজেট পেশ করেছিলেন। ১৯৭৫-৭৬ অর্থবছরে বাজেট পেশ করেছিলেন ড. আজিজুর রহমান।
এছাড়াও ১৯৭৬-৭৭ অর্থবছরে মেজর জেনারেল জিয়া, ১৯৭৭-৭৮ লে. জে. জিয়া, ১৯৭৮-৭৯ প্রেসিডেন্ট জিয়া, ১৯৭৯-৮০ ড. এম এন হুদা জাতীয় সংসদে বাজেট পেশ করেছিলেন।
এরপর শুরু হয় সিলেটী অর্থমন্ত্রীদের বাজেট পেশের পালা। প্রথমে ১৯৮০-৮১ অর্থবছরের বাজেট পেশ করেন সিলেটী অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। তিনি ১৯৮১-৮২ অর্থবছরের বাজেটও পেশ করেন। এরপর আবুল মাল আবদুল মুহিত দু’বার বাজেট পেশ করেন। তিনি ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন।
টানা চারবার সিলেটী অর্থমন্ত্রী বাজেট পেশের পর ১৯৮৪-৮৫, ১৯৮৫-৮৬, ১৯৮৬-৮৭ ও ১৯৮৭-৮৮ অর্থবছরের বাজেট পেশ করেন এম সাইদুজ্জামান।
এরপর ১৯৮৮-৮৯ মেজর জেনারেল মুনিম, ১৯৮৯-৯০ ড. ওয়াহিদুল হক, ১৯৯০-৯১ মেজর জেনারেল মুনিম বাজেট পেশ করেছিলেন।
এরপর ফের সিলেটী অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বাজেট পেশ শুরু করেন। তৎকালীন সময়ে তিনি ১৯৯১-৯২, ১৯৯২-৯৩, ১৯৯৩-৯৪, ১৯৯৪-৯৫ ও ১৯৯৫-৯৬ অর্থবছরে টানা ৫ বার বাজেট পেশ করেছিলেন।
সাইফুর রহমানের পরেই আরেক সিলেটী অর্থমন্ত্রী এএমএস কিবরিয়া বাজেট পেশ করেন। ১৯৯৬-৯৭, ১৯৯৭-৯৮, ১৯৯৮-৯৯, ১৯৯৯-০০, ২০০০-০১ ও ২০০১-০২ অর্থবছরে তিনি টানা ৬ বার বাজেট পেশ করেন।
এরপর আবার ৬ বার বাজেট পেশ করেন প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। তিনি ২০০২-০৩, ২০০৩-০৪, ২০০৪-০৫, ২০০৫-০৬ ও ২০০৬-০৭ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন। কিবরিয়া ও সাইফুর রহমান টানা ১৭ বার বাজেট পেশ করেছিলেন।
এরপর দু’বার অর্থমন্ত্রী হিসেবে সিলেটী কেউ বাজেট পেশ করতে পারেনি। অর্থাৎ ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন মির্জা আজিজুল ইসলাম।
কিন্তু আবারও বাজেট পেশ এর পালা আসে সিলেটী অর্থমন্ত্রী এএমএ মুহিতের। তিনি আজকের বাজেটসহ মোট টানা ৮ বার বাজেট পেশ করেন। অর্থবছরগুলো হলো: ২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭।
আপনার মন্তব্য