১৩ মার্চ, ২০১৫ ১৩:২৪
বিশ্বকাপ ক্রিকেট আসরে বাংলাদেশের অংশগ্রহণ নতুন নয়। ১৯৯৯ সাল থেকে টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ অংশগ্রহণ করে আসছে ক্রিকেটের সবচেয়ে বড় এ আসরে। গত আসরগুলোতে প্রাপ্তি আর ব্যর্থতার পাল্লা ছিল ভালোমন্দে। তবে বিশ্বকাপের একাদশতম আসরে সাফল্যের অর্জনটা বেশি। সকল রেকর্ড ছাপিয়ে এবারই প্রথম কোয়ার্টার ফাইনালে খেলছে টাইগার বাহিনী। তাই উন্মাদনার বিষয়টি অন্যবারের চেয়ে এবারই বেশিই ভর করেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরানের পরিবারেও নেমেছে আনন্দের জোয়ার। ক্রীড়ামোদী এই ব্যক্তিত্ব বিশ্বকাপ আসরের শুরু থেকেই অকুন্ঠ সমর্থন আর ভালোবাসা জানিয়ে আসছেন।
বিশ্বকাপে বাংলাদেশ দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার পরও উচ্ছাসের কমতি নেই কামরানের পুরো পরিবারে। শুক্রবার সকালের ম্যাচ উপভোগে ঘরোয়া নানা আয়োজনে মত্ত তারা।
বৃহস্পতিবার রাত ৮টায় কামরানের ছড়ারপাড় সুগন্ধা-৬৫-তে ছড়িয়ে পড়ে আনন্দ-উচ্ছাস। বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে মাশরাফি বাহিনীকে শুভকামনা জানিয়ে ‘ভি’ সাইন প্রদর্শন করেন কামরানসহ তার পরিবারের সকল সদস্য। এসময় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামরানের স্ত্রী মহিলা আওয়ামীলীগ নেত্রী আসমা কামরান, বড়ছেলে ডা. আরমান আহমেদ শিপলু, পুত্রবধু ফারহানা, মেয়ে ফাতেমা ইয়াসমিন আশা, ছোট ছেলে ইমরান আহমদ আদনান, নাতনী ফাতেহা ইয়াসমিন ও আরিফা ইয়াসমিন।
এসময় বাংলাদেশ দলের সাফল্য কামনা করেন কামরান পরিবার। বাংলাদেশ আজ শুক্রবারের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করবে এবং কোয়ার্টার ফাইনালে জয়ী হয়ে সেমিফাইনালে খেলবে বলে প্রত্যাশা করেন তারা। বাংলাদেশকে এভাবেই সমর্থন আর ভালোবাসা দিয়ে যেতে চান কামরান পরিবার।
সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগ সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরান শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন। তিনি ইতিমধ্যে তিনি সিলেটের ক্রীড়াঙ্গণের সর্বত্র তথা ক্রিকেট, ফুটবল, ব্যান্ডমিন্টন খেলে এবং খেলায় উৎসাহ দিয়ে ক্রীড়াপ্রেমী হিসাবে পরিচিতি লাভ করেছেন।
আপনার মন্তব্য